সাদী-মিল্টন ‘ষড়যন্ত্রে’, দেশে ফিরিয়ে বিচারের দাবি
যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ এফ সরদার সাদী ও জ্যাকব মিল্টন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’ লিপ্ত অভিযোগ করে তাদের দেশে ফিরিয়ে বিচারের দাবি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি সেন্টারে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে অনুষ্ঠিত সভায় এ দাবি জানান তারা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমানের মদদে সাদী-মিল্টন বাংলাদেশ ও বর্তমান সরকারের বিরুদ্ধে হীন ষড়যন্ত্রে লিপ্ত।
“এ দুজন মিলে বাংলাদেশের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। তারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে হাস্যকর প্লট বানিয়েছে।”
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে আসার পর বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বিএনপির যুগ্ম মহাসচিব আসলামকে গত ১৫ মে গ্রেপ্তার করার পর ইউটিউবে সাফাদির সাক্ষাৎকারের একটি ভিডিও আসে। জ্যাকব মিল্টনের নেওয়া ওই সাক্ষাৎকারে সাফাদি দাবি করেন, আসলামের সঙ্গে সাক্ষাতের আগে ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক হয়েছে তার।
তবে সাফাদির সঙ্গে কোথাও কখনও কোনো বৈঠক হয়নি দাবি করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, এই ইসরায়েলির এই দাবির মধ্য দিয়ে বিএনপির সঙ্গে তার ‘ষড়যন্ত্রে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়’।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আরও নানা জালিয়াতিতে জড়িত বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।
আব্দুস সামাদ আজাদ বলেন, যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিবৃতি বানিয়েছিল সাদী।
“এর বাইরেও ফ্লোরিডাসহ বিভিন্ন স্থানে প্রতারণা, জালিয়াতি, ধাপ্পাবাজির ঘটনায় গত এক দশকে কমপক্ষে ২৯ বার জেল খেটেছে সে।
“আর মিল্টন ঢাকা ক্যান্টনমেন্টে ঠিকাদারি করার সময় দুর্নীতির দায়ে অপসারিত হয়েছিল; নিউ ইয়র্কে একটি মর্টগেজ কোম্পানির নামে প্রবাসীদের সর্বনাশ করে কয়েক বছর জেলেও ছিল।”
সাদী-মিল্টন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেয়ার সময়ও ‘প্রতারণার আশ্রয় নিয়েছিলেন’ দাবি করে এ বিষয়ে খোঁজ নিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অনুরোধ জানান আওয়ামী লীগ নেতা আজাদ।
তিনি বলেন, “নিয়মতান্ত্রিক রাজনীতিতে পরাজিত হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
“সামরিক ছাউনি থেকে জন্ম নেওয়া বিএনপি জনসমর্থন হারিয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত; সর্বশেষ তারা ইসরায়েলের সহায়তায় ক্ষমতা দখলের চেষ্টা করছে। এজন্য বঙ্গবন্ধুর দৌহিত্রকে নিয়ে জঘন্য অপপ্রচার চালাতেও কুণ্ঠাবোধ করছে না।
“ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, মহিলা আ. লীগের সভাপতি মমতাজ শাহনেওয়াজ বক্তব্য দেন।
