খালেদার সঙ্গে মালয়েশিয়া সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
আগামীতে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল দেখতে চায় মালয়েশিয়া।
বুধবার বিকালে মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন, “তারা সবাই চান যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা বার বলেছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ‘পিসফুল ট্রান্সফার অব পাওয়ার’, শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন, সেটা দেখার অপেক্ষা আছেন।
“তারা মনে করেন, মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্রাকটিস হচ্ছে, সেখানেও তারা অনেক ওডসের মধ্য দিয়ে এসেছেন এবং তারা এমন অবস্থায় এসেছে সেখানে ডেমোক্রেসি প্রাকটিস হচ্ছে। তারা মনে করেন বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন তা সেটা পরিপূর্ণ হবে।”
মালয়েশিয়া সংসদীয় দলের এই বৈঠকটি হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।
মালয়েশিয়া প্রতিনিধি দলের দুইজন ছিলেন সরকারি দলের এবং একজন ছিলেন বিরোধী দলের যিনি বিরোধী দলের উপনেতা। নেতৃত্বে ছিলেন কমনওয়েলথ উইম্যান পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদ।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে গত সাপ্তাহে।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
