লাল বিপ্লবকে স্মরণ লাল পতাকা মিছিলে
‘খোদ কৃষকের জমি নাই, ভূমিদস্যুরা দেশ চালায়’, ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘মানবিক মর্যাদার সমাজ চাই’-এ রকম নানা স্লোগান লেখা প্লাকার্ড ও লালপতাকা উঁচিয়ে ঢাকার রাস্তায় মিছিলের মধ্য দিয়ে শেষ হল অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের মাসব্যাপী কর্মসূচি।
ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, তার শতবর্ষ পূর্তি উপলক্ষে গত ৬ এপ্রিল ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে সূচনা হয়েছিল মাসব্যাপী কর্মসূচির।
সমতার সমাজ নির্মাণের প্রত্যাশা নিয়ে সংঘটিত ওই বিপ্লবের দিন ৭ নভেম্বর মঙ্গলবার মহাসমাবেশ ও লালপতাকা মিছিলের এই কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে ঢাকা এসেছিলেন কমিউনিস্ট আন্দোলনের কর্মীরা।
এদিন কর্মসূচি শুরু হয় ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ার আহ্বান নিয়ে সমাবেশের মধ্য দিয়ে। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও আহমদ রফিকের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী) নেতা মুবিনুল হায়দার চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মুশরেফা মিশুসহ বামপন্থি দলগুলোর নেতারা বক্তব্য দেন সেখানে।
বামপন্থিদের ঐক্যের আহ্বান জানিয়ে ভাষা সংগ্রামী আহমদ রফিক বলেন, বিভাজনের কারণে বিভিন্ন সুযোগ কাজে না লাগাতে পারায় বাংলাদেশে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, “রুশ বিপ্লব যা পেরেছিল আমরা তা পারিনি। আমরা কমিউনিস্ট আন্দোলনের মধ্যে দিয়েও এই অর্জনটি সম্পন্ন করতে পারিনি। এর কারণ কী? যোগ্য নেতৃত্বের অভাব? নাকি যোগ্য পার্টির অভাব? নাকি অন্য কিছু? যায় হোক...।
অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের ডাক সমাজতন্ত্রের ডাক মন্তব্য করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “এই ডাকে কীভাবে আমরা সাড়া দিব, এর উপর আমাদের ভবিষৎ নির্ভর করছে। সারা বিশ্ব সমাজতন্ত্রের জন্য লড়াই করছে। আমরাও সেই লড়াইয়ে যোগ দিতে চাই, এটাই আমাদের অক্টোবর বিপ্লব উদযাপনের মূল কথা।”
তিনি বলেন, “পুঁজিবাদ আজকে পতনের জায়গায় চলে এসেছে। ঐতিহাসিক ও বৈজ্ঞানিক কারণে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে।সভ্যতা এগুচ্ছে, ইতিহাস এগুচ্ছে।”
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “পুঁবিজাবাদীরা বিশ্বে যুদ্ধ বাধাচ্ছে। স্থানীয়ভাবে যুদ্ধ লাগিয়ে দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করছে। তারা মাদক বিক্রি করছে এবং প্রকৃতি-পরিবেশ ধ্বংস করছে। পুঁজিবাদের হাতে মানুষের সভ্যতা নয়, মানুষের অস্ত্বিই বিপন্ন হয়ে পড়ছে। পুঁজিবাদ মানুষকে যন্ত্রে পরিণত করতে চায়।”
“পুঁজিবাদের কারণে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা মুনাফার জন্য। একটা জনগোষ্ঠীকে নিঃশেষ করে দিচ্ছে; চীন, রাশিয়া এতে সমর্থন দিচ্ছে। সামরিক জান্তা রোহিঙ্গাদের উপর গণধর্ষণ করছে। একই কারণে বাংলাদেশেও ধর্ষণ-গণধর্ষণ হচ্ছে, নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে।”
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংবিধানে এখনও চার নীতি লেখা আছে। কিন্তু সংবিধানে লেখা থাকলেও সমাজতন্ত্র অনুসরণ করা হয় না। দেশে পুঁজিবাদী ব্যবস্থা চালু করা হয়েছে। লুটেরাদের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। মুক্তিযুদ্ধকে সমন্বিত রাখতে হলে আবার সমাজতন্ত্রের দিকে মুখ ফিরিয়ে নিতে হবে। তা না হলে দেশের জনগণের মুক্তি নেই “
সিপিবি-বাসদসহ সমাজতন্ত্রে বিশ্বাসী ১২টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছিল অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের এই মঞ্চ।
