‘সরকারের ইচ্ছায়’ জিয়ার সমাধিতে যেতে দেওয়া হয়নি: বিএনপি
সরকার ইচ্ছাকৃতভাবেই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যেতে দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।
দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রাখা হলেও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে অনুমতি মেলেনি।
দলের প্রতিষ্ঠাতার সমাধিতে যেতে না পেরে নয়া পল্টনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ চালুর মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করে বিএনপি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নে ফখরুল বলেন, “আমরা মনে করি, এটা সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে। ওই জায়গাটা (জিয়াউর রহমানের সমাধি) বাদ দিলে তো তারা (সরকার) পারত। কারণ ওই দিকটাতে তাদের খুব বেশি সম্মেলন কিন্তু এফেক্ট করে না।
“তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে। আমরা যেটা বিশ্বাস করি, এই সরকার করেই আসছে- আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো তারা কেড়ে নিচ্ছে।”
প্রতিবছর এ দিনটিতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে ফখরুল বলেন, “দুর্ভাগ্যক্রমে এবারই আমরা সেই অধিকারটুকু থেকেও বঞ্চিত হয়েছি। কমনওয়েথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটি কনফারেন্সের বরাত দিয়ে সরকার ১৪৪ ধারা জারি করায় সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।”
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রথমে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। পরে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে তারিখ বদলে ১১ নভেম্বর সমাবেশের অনুমতি চাওয়া হয় দলের পক্ষ থেকে। মঙ্গলবার আবার তারিখ পরিবর্তন করে ১২ নভেম্বর সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।
সমাবেশ করতে সরকার সহযোগিতা করবে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “অন্যথায় এটাই প্রমাণিত হবে আবারো তারা সমস্ত রাজনৈতিক দলের অধিকার কেড়ে নিচ্ছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে এবং মুক্ত কোনো ব্যবস্থা রাখতে দিচ্ছে না।”
‘বাংলাদেশে গণতন্ত্র না থাকার বিষয়টি’ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলোকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
