কক্সবাজারের পথে খালেদা চট্টগ্রামে
রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারের পথে ঢাকা থেকে সকালে রওনা হয়ে রাতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সকাল ১০টায় গাড়িবহর নিয়ে গুলশানের বাসা থেকে সড়ক পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন। বিকালে ফেনীতে ঘণ্টাখানেক যাত্রা বিরতি দেন তিনি।
সন্ধ্যা ৭টায় ফেনী সার্কিট হাউস থেকে রওনা হয়ে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামে পৌঁছান খালেদা জিয়া। চট্টগ্রামে ঢোকার পর থেকে সড়কে দাঁড়ানো বিএনপির নেতা-কর্মীদের ভিড় ঠেলে সার্কিট হাউস পৌঁছান তিনি। তার আগে সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা সড়কে দাঁড়িয়ে দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা জানায়।
সার্কিট হাউজে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছিরউদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হোসেন এবং জেলা ও নগর নেতারা।
চট্টগ্রামে খালেদা জিয়ার জন্য অপেক্ষায় বিএনপির নেতা-কর্মীরা
সার্কিট হাউসে রাত কাটিয়ে রোববার বেলা ১১টায় সড়ক পথে কক্সবাজারে উদ্দেশে রওনা হবেন বিএনপি নেত্রী। সেখানে সার্কিট হাউজে রাত কাটিয়ে সোমবার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তার।
চট্টগ্রামের পথে মহাসড়কে খালেদা জিয়ার গাড়িবহর- ছবি: বাবুল তালুকদার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রওনা হওয়ার আগে ঢাকায় সাংবাদিকদের বলেন, খালেদার এই সফরে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।
ত্রাণ বিতরণ শেষে রোববার রাতে চট্টগ্রামে ফিরে সার্কিট হাউজে রাত কাটিয়ে পরদিন সড়কপথেই ঢাকায় রওনা হবেন খালেদা জিয়া।
যাওয়ার পথে বিকালে ফেনীতে হামলার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। ফেনী শহরের আগে মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমেরসহ বহরের অন্তত ৩০টি গাড়ি। আক্রান্ত হন কয়েকজন সাংবাদিক।
এছাড়া মুন্সীগঞ্জের ভবের চর ও কুমিল্লার দাউদকান্দি ও ইলিয়টগঞ্জেও সড়কে জড়ো হওয়া বিএনপির নেতা-কর্মীদের উপর ক্ষমতাসীনরা হামলা চালায় বলে বিএনপি নেতাদের অভিযোগ।
বিএনপির মহাসচিব ফখরুল হামলার নিন্দা জানিয়ে ফেনীতে সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগের দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। একটা পুরোপুরি শান্তিপূর্ণ ও মানবিক কাজে এ হামলা নিন্দনীয়।”
এদিকে তার পাল্টায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ শনিবার দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, খালেদা জিয়া ‘উস্কানি দিয়ে গোলযোগ বাঁধাতে’ সড়ক পথে এই সফর করছেন।
