২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপিকর্মীদের বাসে হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চা বোর্ড এলাকায় বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 08:58 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শনিবার বিকাল ৫টার দিকে ওই ঘটনায় আহত তিন জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এরা হলেন- মো. রানা (৩০), লাল্টু (৩৩) ও সৈয়দ মো. মঞ্জুর হোসেন (৪০)।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রাতে চট্টগ্রামে পৌঁছে তিনি সার্কিট হাউজে থাকবেন।

বিএনপিনেত্রীকে স্বাগত জানাতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বিকাল থেকেই সার্কিট হাউজ এলাকায় সমবেত হতে শুরু করেন। সন্ধ্যায় সার্কিট হাউজ সংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে কয়েক হাজার নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়।

মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বাস নিয়ে সার্কিট হাউজের দিকে যাওয়ার সময় চা বোর্ড এলাকায় একদল লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

“সরকার দলীয় লোকজন এ হামলা চালিয়েছে। ভাঙা বাসটি সেখানেই আছে। বাধার কারণে আমাদের লোকজন সার্কিট হাউজে যেতে পারেনি।”

বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সগীর আহমেদ উল্টো বিএনপিকে দায়ী করেছেন হামলার জন্য।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় মিছিল-সমাবেশের কর্মসূচি ছিল। একই স্থানে বিএনপি জড়ো হয়ে ছাত্রলীগকে উদ্দেশ্য করে উসকানিমূলক কথাবার্তা বলার পর তারাই হামলা চালায়।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বায়েজিদ থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এ রকম অভিযোগ’ তারা পেয়েছেন।

“কিন্তু ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা হামলা কেন বা কীভাবে হয়েছে তা জানতে পারেনি। আসলে কী হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।”

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে আহত তিনজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হামলার অভিযোগের বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতাদের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর জানতে পারেনি।

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরও হামলার মুখে পড়ে।

খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালালে গণমাধ্যমের বাহনসহ অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।