খালেদার গাড়িবহরে হামলার নিন্দায় সাদা দল
রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে বিএনপি সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল।
এই হামলাকে ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’ আখ্যায়িত করে তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে চিন্তাই করা যায় না।”
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ও তাদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে শনিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে তার গাড়িবহরে হামলা হয়।
হামলায় ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমেরসহ বহরের অন্তত ৩০টি গাড়ি। একাত্তর, ডিবিসি, চ্যানেল আই, যমুনা, একুশে, এটিএন নিউজ ও বৈশাখী টেলিভিশনের গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপিপন্থি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
