২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখতিয়ার না থাকলেও উদ্যোগ নিতে হবে ইসিকেই: বিএনপি

নির্বাচনকালীন সরকার ও সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার না থাকলেও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এবিষয়ে সাংবিধানিক সংস্থাটিকেই উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 06:53 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আমরা দুই দিন আগে বলেছি, নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা- এটা আসলে লোক দেখানো আলোচনা, একটা আইওয়াশ। কারণ প্রথম থেকে তারা (নির্বাচন কমিশন) বলে আসছেন, তারা তাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে পারবেন না।

“এখতিয়ারের বাইরের কাজ দুইটা- নির্বাচনকালীন সময়ে তাদের একটা নিরপেক্ষ সরকার দরকার। অন্যটা হচ্ছে, নির্বাচনের সময়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া অর্থাৎ বর্তমান সংসদ না রাখা। তারা এই দুইটাই যদি না পারেন তাহলে এই নির্বাচন কখনোই অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। যে কারণে আমি মনে করি, নির্বাচন কমিশনের এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন যে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাসাপেক্ষে তারা নির্বাচন পরিচালনা করবেন।”

আগের দিন সহায়ক সরকার ও সংসদ ভেঙে দেওয়া ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা রাখার এখতিয়ার নেই বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব এই অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনকালীন সরকার যদি না তৈরি হয়, পার্লামেন্ট যদি ভেঙে না দেওয়া হয়, নির্বাচনের সময়ে সেনাবাহিনী যদি নিয়োগ করা না হয়, সেই নির্বাচন কখনো অর্থবহ হবে না, সকল দলের কাছে গ্রহণযোগ্য হবে না। আগের মতোই যে ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকেই যাবে।

“নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে এই নির্বাচন কখনোই অর্থবহ হবে না- দেশের মানুষ এটা গ্রহণ করবে না।”

বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতা-কর্মীদের নিয়ে বেলা ১১টায় জিয়ার কবরে ফুল দেন তিনি।

দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুব দলের মোরতাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন আহমেদ, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন, শরীফ হোসেন, মোস্তফা কামাল রিয়াদ ও শরীফ উদ্দিন জুয়েল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে বিকাল ৪টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠান এবং আগামী ১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিকালে আলোচনা সভা।

‘নির্বাচন কমিশন নিবিড় পর্যবেক্ষণে’

নির্বাচন কমিশনের শেষ হওয়া সংলাপের ফলাফল কী হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন কমিশনের শেষ হওয়া সংলাপে কী একটা লোক দেখানো এক্সারসাইজ? এটা কী সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য করা হয়েছে নাকি ক্ষমতা দখলের একটা প্রক্রিয়ার জন্য করা হয়েছে। দেশের মানুষ নির্বাচন কমিশনের সংলাপের ফলাফল কী হয়- তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, দেশের বাইরে গণতান্ত্রিক শক্তিগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে ও হুমায়ুন কবীর ব্যাপারির পরিচালনায় বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের এই আলোচনা সভায় বিএনপির খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, ব্যারিস্টার সারোয়ার হোসেন, ফরিদউদ্দিন আহমেদ ও জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।