২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার হোমনায় এম কে আনোয়ারের দাফন সম্পন্ন

বিএনপি নেতা সাবেক মন্ত্রী এম কে আনোয়ারকে কুমিল্লার হোমনার তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

পরিবারের সদস্যরা জানান, বুধবার জোহরের নামাজের পর কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং আসরের পর হোমনা মেমোরিয়াল হাই স্কুল মাঠে দুই দফা জানাজা হয়। পরে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।  

এম কে আনোয়ারের দুই ছেলে মাহমুদ আনোয়ার, মাসুদ আনোয়ার এবং মেয়ে খাদিজা আনোয়ারসহ পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা বিএনপির নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংসদ আমীর হোসেন ভূঁইয়া, বিএনপির খোরশেদ আলম, আনোয়ারুল আজীম, রফিক শিকদার, খন্দকার মারুফ হোসেন, মো. আখতারুজ্জামান, সালাহউদ্দিন সরকার, ওসমান গনি ভুঁইয়া, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, আজিজুর রহমান মোল্লা, হোমনা আওয়ামী লীগের অধ্যক্ষ আবদুল মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন এম কে আনোয়ারের জানাজায়।  

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, “এমকে আনোয়ার ছিলেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন খাঁটি দেশপ্রেমিক নেতা। তার মৃত্যুতে বিএনপি ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।”

জানাজার পর প্রয়াত এই রাজনীতিবিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।

বিগত চার দলীয় জোট সরকারের কৃষিমন্ত্রী এম কে আনোয়ার সোমবার রাত দেড়টার দিকে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।

সেদিন সকালে কাঁটাবন মসজিদ, দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং জোহরের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এম কে আনোয়ারের জানাজা হয়। রাতে তার মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে মাসুদ আনোয়ার ও মেয়ে খাদিজা আনোয়ার বুধবার সকালে দেশে ফেরার পর এম কে আনোয়ারের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় তার নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনায়। এই আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন সাবেক এই আমলা।  

১৯৯০ সালে অবসরের পর এম কে আনোয়ার রাজনীতির মাঠে নামেন, যোগ দেন বিএনপিতে। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পুরনো খবর:

এম কে আনোয়ারকে বিএনপির শেষ শ্রদ্ধা
বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই