২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে যাতে নির্বাচন ভণ্ডুল না হয়: জেএসডি

রোহিঙ্গা সঙ্কটের কারণে সংসদ নির্বাচনের সূচি যাতে ভণ্ডুল না হয় সেজন্য সরকারের কাছে সুপারিশ করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 04:01 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

তাছাড়া একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের সুপারিশও করেছে দলটি।

সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে জেএসডির ১৫ সদস্যের প্রতিনিধিদল রোববার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ১৪ দফা প্রস্তাব তুলে ধরে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্টরা সংলাপে উপস্থিত ছিলেন।

দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করে পরে সাংবাদিকদের আ স ম রব বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপে ইসির কাছে ১৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংসদ নির্বাচনে ভোট দিতে না পারলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে। এমনিতে রোহিঙ্গা ইস্যুতে আমরা সঙ্কটে পড়ে গেছি। ভোটারবিহীন নির্বাচন সে সঙ্কটকে আরও উসকে দেবে।”

জেএসডির লিখিত প্রস্তাবে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের সূচি ভণ্ডুল না হতে পারে- সেজন্যে একদিকে সমস্যার স্থায়ী সমাধান ও অন্যদিকে উন্নয়ন তরান্বিত করার স্বার্থে উপ আঞ্চলিক জোট গঠনের কূটনীতি জোরদার করতে হবে।

এজন্য ইসি সরকারের কাছে সুপারিশ করতে পারে বলে উল্লেখ করেন জেএসডি সভাপতি।

জেএসডির অন্য দাবিগুলো হচ্ছে- ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে, ইসির স্বাধীন ভূমিকা নিশ্চিত, প্রবাসীদের ভোটাধিকার, না ভোটের বিধান চালু, তিন মাস আগে মামলা নিষ্পত্তি, সবার জন্যে সমান সুযোগ তৈরি, সব ভোটারদের এনআইডি কার্ড সরবরাহ, দলের অঙ্গ সংগঠন না থাকার বিধান কার্যকর, সব প্রার্থীকে এক মঞ্চে প্রচারণার ব্যবস্থা করতে হবে।