প্রধান বিচারপতির ছুটি: প্রতিক্রিয়া জানাতে বৈঠক বিএনপির
সংবিধানের ষোড়শ সংশোধনের রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি যাওয়ার প্রতিক্রিয়া জানাতে জরুরি বৈঠকে বসছেন বিএনপির নেতারা।
মঙ্গলবার সকালে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান।
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সিনিয়র নেতৃবৃন্দ বসবেন, সিনিয়র আইনজীবীরা থাকবেন। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতিক্রিয়া জানাব। এখন আমরা কিছু বলব না।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতের এই বৈঠক হবে।
বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সময় নিলেও দলটির সমর্থক আইনজীবীরা বলছেন, বিচারপতি সিনহাকে ছুটিতে যেতে বাধ্য করেছে সরকার।
ষোড়শ সংশোধনের বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনার মুখে ছিলেন বিচারপতি সিনহা। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে তার অপসারণ দাবিতে আন্দোলনের ঘোষণাও দেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
অবকাশ শেষে আদালত খোলার আগের দিনই জানানো হয়, প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটিতে গেছেন।
ষোড়শ সংশোধন বাতিলের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি, যে রায়ে বিচারপতিদের অপসারণে জিয়াউর রহমানের আমলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনা হয়।
‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আইওয়াশ’
সংবাদ সম্মেলনে রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনকে লোকদেখানো বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বৈঠকটি আইওয়াশ ছাড়া কিছুই নয়। জাতিসংঘকে পাশ কাটিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের চুক্তিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, তা ভাঁওতাবাজি আর ছাড়া কিছুই না।”
এই প্রক্রিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘসূত্রী হবে বলে দাবি করেন রিজভী, যে কথা একদিন আগেই বলেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিজভী বলেন, “রোহিঙ্গাদের দুর্দশা বৃদ্ধি করে পুরস্কার প্রাপ্তির আশার উৎসবে ব্যস্ত সরকার। গণবিরোধী নীতির কারণে ইতিহাসের রঙ্গমঞ্চে আওয়ামী লীগ বরাবরেই খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।”
‘চালের মূ্ল্য আকাশচুম্বি’
দেশে চালের ‘আকাশচুম্বি’ দামের জন্য সরকারের সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, “মন্ত্রীদের বাগাড়ম্বর বক্তব্যের পরও চালের মূল্য কমেনি। পাইকারি বাজারের ২/১ টাকা কমলেও খুচরা বাজারে চালের দাম দাম এখনও কমেনি। ফলে ভোক্তা পর্যায়ে চালের দাম কমলেও খুচরা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে নামছে না।”
চালের পাশাপাশি পেঁয়াজ, আদা, রসুন, সবজিসহ নিত্যপণ্যের দামও আকাশচুম্বি বলে মন্তব্য করেন বিএনপি নেতা।
“৬০ টাকার নিচে কোনো তরিতরকারি কেনা যাচ্ছে না। কাঁচা বাজারে আগুন জ্বলছে। দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে পল্টন থানায় ‘মিথ্যা’ মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মনির হোসেন উপস্থিত ছিলেন।
