রোহিঙ্গাদের জন্য ফখরুলের কান্না
মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ঢাকায় এক আলোচনা সভায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন ফখরুল।
তিনি বলেন, “কী মানবেতর জীবন তারা যাপন করছে, তা কল্পনার বাইরে। মাথার উপর ছাদ নেই। ছোট ৫-১০ দিনের শিশুকে বুকের মধ্যে নিয়ে একটা ছোট প্লাস্টিকে ঢেকে রেখেছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে। এই নৃশংতা…”
বক্তব্যের মধ্যে এ সময় কেঁদে ফেলেন মির্জা ফখরুল।
এর আগেও দুই দফায় প্রকাশ্য সভায় কান্না করা বিএনপি মহাসচিব নিজেকে সামলে নিয়ে বলেন, “আমি দুঃখিত, মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে পড়ি। হয়তবা এজন্য যে, এখনও পুরোপুরি রাজনীতিবিদ হয়ে উঠতে পারিনি।”
গত জুলাইয়ে নিজের জেলা ঠাকুরগাঁওয়ে এক জনসভায় এবং গত বছর অগাস্টে ঢাকায় এক আলোচনা সভায় দলের নেতাকর্মীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিন শিক্ষকতা করে রাজনীতিতে আসা মির্জা ফখরুল।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের বিরুদ্ধে জোর গলায় কথা বলছে না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
“একটি জাতিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার জন্য মিয়ানমার সরকার কাজ করছে, আমরা (বাংলাদেশ) চুপ করে বসে আছি, এমনকি একটা শক্ত কথাও বলি না। খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে বাংলাদেশ সরকার দায়ী করেনি, এখন পর্যন্ত এই সরকার মিয়ানমার সরকারের নিন্দা জানায়নি।”
সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়া, চীন ও ভারত সফরে যাওয়ার অনুরোধ জানান ফখরুল।
তিনি বলেন, “আমরা বরাবর বলে আসছি, কেউ তো করে দিয়ে যাবে না। আপনার চীন, রাশিয়া, ভারত আজকে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা প্রথম দিন থেকে বলছি, প্রয়োজনে প্রধানমন্ত্রীর এখন চীন, রাশিয়া, ভারতে যাওয়া উচিৎ এবং তাদের কনভিন্স করা উচিৎ যে, এটা আমাদের জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মানবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
রোহিঙ্গাদের ওপর এই নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি বিশ্ব বিবেককে আবেদন জানাই, এখন আর সময় নেই। আপনারা এগিয়ে আসুন, মিয়ানমারকে বাধ্য করুন গণহত্যা বন্ধ করতে এবং এই নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে।”
রোহিঙ্গা প্রশ্নে চীন ও রাশিয়ার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “কী দেশে আমরা বাস করছি, কী পৃথিবীতে আমরা বাস করছি যেখানে মানুষ্যত্বের কোনো মূল্য নেই, মানবতার কোনো মূল্য নেই! শুধু ক্ষমতা আর তার অর্থনৈতিক স্বার্থই বড়ো হয়ে দাঁড়াল?
“কী কারণে চীনের মতো দেশ মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, কী কারণে রাশিয়ার মতো দেশ মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, কী কারণে ভারত সমর্থন দিচ্ছে? যারা গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য বিশ্বে নন্দিত তারা আজকে কীভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।
“বলছেন, আমরা ত্রাণ পাঠিয়েছি। এটা জুতা মেরে গরুদানের মতো অবস্থা আর কী- একদিকে খুন করছো, হত্যা করছো, আমার স্বাধীনতাকে বিপন্ন করে ফেলছো অন্যদিকে বলছো, ত্রাণ পাঠাচ্ছি। বন্ধ করো এই গণহত্যা।”
কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “কফি আনানের যে সুপারিশ, সেই সুপারিশ নিয়ে কাজ করতে হবে। সুপারিশটা উনারা (সরকার) পড়েছেন কি না জানি না। সেখানে একবারও রোহিঙ্গাদের কথা বলা হয়নি, রাখাইনবাসীর কথা বলা হয়েছে। সেই সুপারিশে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সুপারিশ করা হয় নাই।”
রোহিঙ্গাদের শরণার্থী স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “সরকার তাদের শরণার্থী স্বীকার করতে রাজি না, বলছে অনুপ্রবেশকারী। জানি না এর মধ্যে কী ডিপ্লোমেসি আছে। যারা দেশ-জমি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসেন অন্যদেশে, আমরা তাদের শরণার্থী বলি। আমরাও তো ভারতে ছিলাম শরণার্থী হিসেবে একাত্তর সালে। আমরা বলেছি, তাদের আশ্রয় দিতে হবে সাময়িকভাবে এবং তাদের ফেরত পাঠাতে হবে সসম্মানে তাদের নাগরিকত্ব দিয়ে।”
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভা কক্ষে জিয়া সাংস্কৃতিক সংস্থার (জিসাস) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় জিয়াউর রহমান সম্মাননা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আবুল হাসেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদারসহ কয়েকজন শিল্পী বক্তব্য রাখেন।
