কাদের সিদ্দিকীর শয্যাপাশে মোহাম্মদ নাসিম
হাসপাতালে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কাদের সিদ্দিকীকে দেখতে যান নাসিম।
জ্বরে আক্রান্ত কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে।
হাসপাতালে গিয়ে নাসিম চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারে একটি জনগোষ্ঠিকে নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
“রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে।
“অং সান সু চির দেশে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারিনা। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তাদের দেশে অভ্যন্তরীন কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করে এই সকল রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হোক। ”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে, তাদের প্রতি মানবিক দৃষ্টিতে দেখা হচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান হওয়া উচিত। জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত। আমাদের এই জনবহুল দেশে মানোবিক কারণে তো দীর্ঘদিন সহ্য করতে পারিনা।”
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার উপস্থিত ছিলেন।
