কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের
হাসপাতালে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান এবং অসুস্থ কাদের সিদ্দিকীর চিকিৎসার খোঁজখবর নেন।
জ্বরে আক্রান্ত কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সংস্পর্শ পাওয়া কাদের সিদ্দিকী দুই দশক আগে আওয়ামী লীগ ছেড়ে কৃষক, শ্রমিক, জনতা লীগ গঠন করেন। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান আওয়ামী লীগের বিরোধী শিবিরে।
অসুস্থ সাবেক সহকর্মীকে দেখার পর হাসপাতালের বাইরে রোহিঙ্গা সঙ্কট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “মিয়ানমারের সীমানা দিয়ে রোহিঙ্গারা স্রোতের বেগে বাংলাদেশে ঢুকছে। ফলে সীমান্ত এলাকা ভারসাম্যহীন হয়ে পড়ছে। যারা এসে গেছে, তাদের বিষয়টা আমরা মানবিকভাবে দেখছি। তবে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি আমারা প্রতিকার করব।”
এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, “প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।”
