জিয়ার কবর জিয়ারত বিএনপি নেতাদের
ঈদের দিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির নেতারা।
এ সময়ে কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী, আমীরুজ্জামান খান শিমুল, খন্দকার মারুফ হোসেন, সহযোগী সংগঠনের নেতা সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শামসুল হুদা, মুন্সি বজলুল বাসিত আনজু, কাজী আবুল বাশার, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর হোসেন, রাজীব আহসান, হাফেজ আবদুল মালেক, শায়রুল কবির খানসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
এরপরে বনানীতে কোকোর কবর জিয়ারত করেন তারা।
দেশে থাকলে প্রতি ঈদ দিন বিভিন্ন দেশের কূটনীতিক ও সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বিএনপি চেয়ারপারসন স্বামী ও ছেলের কবর জিয়ারত করে থাকেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। তার পক্ষ থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছি।”
উত্তরাঞ্চলসহ বন্যা উপদ্রুত ২৭ জেলায় মানুষের দুর্দশা ও মিয়ানমারের রাখাইনে সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বাংলাদেশের মানুষের জন্য এবারের ঈদ ‘নিরানন্দের’ বলে মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ মিয়ানমার থেকে পালিয়ে আসার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় প্রদান এবং তাদের ফিরিয়ে নিতে সরকারকে কূটনীতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
লন্ডনে থাকা খালেদা জিয়া নিজের টুইটার একাউন্টে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানিয়ে টুইট করেছেন।
শুক্রবার লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।
তিনি চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডন যান। ৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
