২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙছে জাতীয় জোট, এরশাদ যাচ্ছেন হজে

জাতীয় পার্টির নেতৃত্বাধীন নির্বাচনী জোট ‘সম্মিলিত জাতীয় জোট’ থেকে সমর্থন প্রত্যাহার করছে ২১টি ইসলামী দলের জোট জাতীয় ইসলামী মহাজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 09:55 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান খাজা মহিব উল্ল্যাহ শান্তিপুরী শনিবার এক বিবৃতিতে বলেন, ‘সম্মিলিত জাতীয় জোট’ থেকে সমর্থন প্রত্যাহার নিয়ে রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবেন তারা।

গত ৭ মে ৫৭টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই জোট বলে সে সময় দলগুলোর নেতারা জানিয়েছিলেন।

এদিকে হজ করার জন্য এরশাদ রোববার সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন বলে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ভোর ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হচ্ছেন এরশাদ। তার সঙ্গে থাকছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার।

রুহুল আমিন হাওলাদারকেই সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র ঘোষণা করা হয়েছিল।