২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কত কথা বলে রে: কাদেরকে নিয়ে গয়েশ্বর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘অতিকথনে দুষ্ট’ এই নেতা শালীনতা বজায় রেখে কথা বলেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 09:33 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

সড়ক পরিবহনমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদেরের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলছেন, দেশের বিভিন্ন স্থানে গাড়িবহর নিয়ে তার ঘোরাঘুরি এবং সেখানে টেলিভিশন সাংবাদিকদের পিছনে যে অর্থ ব্যয় হয় তা দিয়ে ৫০ মাইল রাস্তা বানানো যায়।

“উনি সেতু মন্ত্রী, উনি রাস্তার মন্ত্রী। আরে বাংলাদেশটা বাদ দিলাম, ঢাকা শহরে রাস্তায় যত গর্ত আছে আজিমপুর কবরস্থানেও এত গর্ত নাই।”

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে ওবায়দুল কাদেরের সমালোচনায় মুখর হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর।

তিনি বলেন, “বাংলা লিংকের একটা বিজ্ঞাপন ছিল- কত কথা বলে রে। এটা ওবায়দুল কাদেরকে দেখলে মনে হয় ‘কত কথা বলে রে’। এর কথা কইতেই হইব, কইতেই হইব। এত নির্লজ্জের মতো এত মিথ্যা কথা বলতে পারেন!

“কথা-বার্তার মধ্যে তার যে এত বেসামলতা, বিশেষ করে বিএনপি ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন এমন উদ্ভট কথা-বার্তা বলেন, এমন এমন বেমানান ও অশোভন কথা-বার্তা বলেন যেসব কথার উত্তর হয় না।”

ওবায়দুল কাদেরকে কথা বলার ক্ষেত্রে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারের ওজন মেপে ভাষা প্রয়োগ করে সমালোচনা করুন, সমালোচনার মধ্যে যেন শালীনতা থাকে যাতে আপনাকে ভদ্রলোক বলে অভিহিত করতে পারে।”

Image
কোরবানির ঈদ সামনে রেখে সড়কের অবস্থা দেখতে শুক্রবার গাজীপুর যান মন্ত্রী ওবায়দুল কাদের

কোরবানির ঈদ সামনে রেখে সড়কের অবস্থা দেখতে শুক্রবার গাজীপুর যান মন্ত্রী ওবায়দুল কাদের

জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এর উদ্যোগে ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়’ শিরোনামের এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, শেখ হাসিনা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করবে না। সে (শেখ হাসিনা) এদেশে গণতন্ত্র আনতে দেবে না, সে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না।

“গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তাদের (ক্ষমতাসীন দল) উপর থেকে নিচ পর্যন্ত হাই কোর্ট-লোয়ার কোর্টের বারান্দা, জেলখানা যে কত এক্সটেনশন করতে হবে, জায়গা দেওয়া যাবে না, এদের স্বাভাবিক নিয়মে জায়গা দেওয়া যাবে না। এত খুন, এত গুম, এত লুট, এত দুর্নীতি- এগুলো তো আসবে। এগুলো যখন আসবে জেলখানায় জায়গা হবে না।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকারের চেহারা ‘প্যাথলোজিক্যাল এক্স রে’র মতো উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‘“সেই কারণে আমি বলছি, আমার মনে হচ্ছে আওয়ামী লীগের মতো পাগল হয়ে আদালতের এই রায় নিয়ে আনন্দচিত্তে লাফালাফি করা বন্ধ করে আমাদের রাজনৈতিকভাবে দলীয়ভাবে যে কাজটা করা দরকার তা করলেই তিনি (শেখ হাসিনা) যাবেন, তাকে যেতে হবে এবং এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।”

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সাংসদ সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া বক্তব্য রাখেন।

‘শক্তি দেখানোর’ হুঁশিয়ারি মাহবুবের

উচ্চ আদালতের উপর আঘাত এলে তার প্রতিবাদে বিএনপি শক্তি প্রদর্শন করবে বলে হুঁশিয়ার করেছেন দলটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের শেষ আশ্রয়স্থল, ন্যায়বিচারের আশ্রয়স্থল সর্বোচ্চ আদালতের উপর যদি আঘাত আসে, সেই আঘাতের প্রতিবাদ করার শক্তি জাতীয়তাবাদী দলের আছে।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “সুপ্রিম কোর্টের সাতজন বিচারক একমত হয়ে সাংবিধানিক একটি রায় দিয়েছেন। আর এ নিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের আত্মিক ঘা লেগেছে। কেননা সেখানে বর্তমান সরকারের ব্যর্থতা ও দুর্নীতি সব তুলে ধরা হয়েছে।”

এ বিষয়ে সরকারকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আগুন নিয়ে খেলা করছেন। দেশের বিচার ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, বিচার ব্যবস্থার উপর যদি মানুষের আস্থা নষ্ট হয়ে যায় তাহলে দেশে এক অরাজক পরিস্থিতি হবে। যদি কিছু বলার থাকে আসুন সাহস করে সুপ্রিম কোর্টে রিভিউর মাধ্যমে সমাধান করেন।

“সংবিধানের ১০৫ অনুচ্ছেদে স্পষ্ট বিধান রয়েছে, যদি কোনো কথা সংবিধানের বাইরে বলা হয়, ঘটনার বাইরে বলা হয় সেটা সুপ্রিম কোর্টই সমাধান করবেন।”

‘নির্বাচন কমিশনের রোডম্যাপ এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষৎ’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা আবু নাছের মো. রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।