২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ অগাস্টের হামলা আওয়ামী লীগই ঘটিয়েছিল: রিজভী

একুশ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য যে দলের শীর্ষ পর্যায়ের এক নেতাসহ কয়েকজন অভিযুক্ত সেই বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগই নিজেদের সমাবেশে ওই হামলা চালিয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 07:19 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

পুরনো খবর:

২১ অগাস্ট হামলার বিচার ‘শেষ পর্যায়ে’

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বৃহস্পতিবার দোয়া মাহফিলে রিজভী বলেন, তৎকালীন খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারকে ‘বিব্রত’ করতে আওয়ামী লীগ ২১ অগাস্টের ঘটনা ঘটিয়েছিল।

দাবি পক্ষে যুক্তি হিসেবে ওই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেঁচে যাওয়ার কথা বলেন তিনি।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। ওই হামলায় প্রাণে বাঁচলেও স্থায়ীভাবে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ওই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তার পক্ষে যুক্তি দিয়ে রিজভী বলেন, “কেন আপনাকে, আওয়ামী লীগকে বলা হয়েছিল মুক্তাঙ্গনে সভা করার জন্য। করেননি কেন? আপনারা আওয়ামী লীগের অফিসের কাছে সভা করলেন। এরমধ্যে তো কোনো কিছু লুকিয়ে আছে, কোনো ঘটনা লুকিয়ে আছে। ঘটনা কী? ওখানে বোমা ফুটল কিন্তু তিনি (শেখ হাসিনা) সিকিউরড হলেন।

“আমরা যদি বলি, বিএনপি সরকারকে বিব্রত করার জন্য আপনার লোকরাই এই কাজ করেছে। আপনার প্রতি সহানুভূতি আসবে, আপনি বেঁচে থাকবেন। আপনার কিছু লোক মরে গেলে তো কি আসে যায়- এরকম একটা মনোভাব আপনাদের রয়েছে, আপনাদের ছিল বলেই আজকে আমরা এই ঘটনাটা দেখতে পারছি।”

একুশ অগাস্ট হামলার পরও তৎকালীন বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ওই হামলার তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল বলে পরে তদন্তে উঠে আসে। হামলার পর নোয়াখালীর সেনবাগ থেকে জজ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ আদায়ের পর তাকে আসামি করেই চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কিন্তু পরে অধিকতর তদন্তে হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ অনেকের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে।

জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হামলা পরিকল্পনা ও গ্রেনেড সরবরাহে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু ও তার ভাই মাওলানা তাজউদ্দিনের সংশ্লিষ্টতার কথা বলে গেছেন।

তদন্তে বেরিয়ে আসে, ওই মামলাকে ‘ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য’ চারদলীয় জোট সরকারের নির্দেশে সিআইডি জজ মিয়াকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করে।

জজ মিয়ার মা জোবেদা খাতুন আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই মামলায় দোষ স্বীকার করে জজ মিয়ার জবানবন্দির বিনিময়ে তাকে নিয়মিত অর্থ দেওয়ার পাশাপাশি বাড়ি বানিয়ে দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছিল।

তবে রিজভী বলছেন, “২১ অগাস্টের ঘটনা পরিকল্পিত একটি ঘটনা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগের শুভাকাঙ্খীরা এই ঘটনা ঘটিয়েছেন। তার আরেকটি প্রমাণ কী জানেন? তাদের আন্দোলনের ফসল মইনউদ্দিন-ফখরুদ্দিনও তারেক রহমানকে ২১ অগাস্টের ঘটনায় জড়াতে পারেনি কোনোভাবেই।

“কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মনোনীত কাহার আকন্দকে (তদন্ত কর্মকর্তা) নিয়োগ দিয়ে তারেক রহমানকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ঢুকানো হয়েছে। টার্গেট হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান অর্থাৎ বিএনপির ভাবমূর্তিকে খাটো করা এবং তার (শেখ হাসিনা) প্রতি সহানুভূতি বাড়ানো।”

কারাবন্দি সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে নির্দোষ দাবি করে রিজভী বলেন, “যে কোনো পরিবার থেকে যে কেউ বিভ্রান্ত হতে পারে, সেজন্য তো তার ভাই দায়ী হতে পারে না।”

ছাত্র জীবনে বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত পিন্টু পরে মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন জানিয়ে তিনি বলেন, “আজকে তাকে আপনারা সেই মামলায় জেলে পাঠিয়েছেন, যার ধর্মীয় উগ্রবাদী সন্ত্রাসী রাজনীতির সাথে ছাত্রজীবন থেকে সম্পর্ক নাই।”

ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ের পক্ষে যারা কথা বলছেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের ‘থ্রেট’ দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর যারা সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন, যারা সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে কথা বলছেন তাদের সরকারের লোকরা এখন হুমকি দিচ্ছে, থ্রেট করছে। সরকারের নানা ধরনের বাহিনী আছে তারা গিয়ে এই থ্রেট করছে।”

বন্যা দুর্গত এলাকায় সরকার জরুরি ত্রাণ সরবরাহ করছে না বলেও অভিযোগ করেন রিজভী।

গত ৮ অগাস্ট লন্ডনের একটি হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার হয়। তার আরোগ্য কামনায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী সেলিম রেজার পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া, ওলামা দলের মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন খলিলী, হাফেজ জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মো. মোহন, স্বেচ্ছাসেবক দলের সাদরেজ জামান, নজরুল ইসলাম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ওলামা দলের হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা কাজী শহিদুল ইসলাম, মাওলানা শামসুল আলমসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।