শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিভিন্ন ইউনিটের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
তবে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কারের কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কথা বললেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানান সংগঠনটির এক নেতা।
বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শামীম হোসেন শুভ, ঢাকা কলেজ শাখা কমিটির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রবিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রচার সম্পাদক সুশোভন অর্ক, ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান অনু ও শামসুল আরেফিন পলাশ।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।”
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে (রিজিয়া নদভী) সম্প্রতি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করে কমিটির অনুমোদন দেন ওবায়দুল কাদের।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও দলটি থেকে একাধিকবার চট্টগ্রামের বাঁশখালী থেকে সংসদ সদস্য প্রার্থী মুমিনুল হক চৌধুরীর মেয়ে রিজিয়াকে সহযোগী সংগঠনে পদ দেওয়া নিয়ে আওয়ামী লীগের ভেতর থেকে সমালোচনার মধ্যে ৩০ জুলাই রিজিয়ার পক্ষেই কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দল ও তার সহযোগী বিভিন্ন সংগঠনের অনেকেই ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা মুখর হন।
তবে বহিষ্কৃত পাঁচজন ওবায়দুল কাদেরের সমালোচনায় কোনো ফেইসবুক পোস্ট দিয়েছিলেন কিনা সে বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলছেন, “দলীয় শৃঙ্খলার ভঙ্গে সংঘটন থেকে তাদের বহিষ্কার করেছি।”
