২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামটরে বিএনপির কর্মসূচি থেকে আটক ৪

রাজধানীর বাংলামটরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দেওয়ার পর চারজন কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 08:22 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

রোববার বিকালে বাংলামটরের প্ল্যানার্স টাওয়ারের নিচ থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার জানিয়েছেন।

ওই বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতারা নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ার কথা জানিয়েছেন। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘গোপন বৈঠকের’ খবর পেয়ে অভিযানে গিয়ে চারজনকে ধরে এনেছেন তারা।

বিএনপির ধানমন্ডি থানা শাখার সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের শাখার উদ্যোগে বিকালে বাংলামটরের প্ল্যানার্স টাওয়ারের সাত তলায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন-নবী খান সোহেল এই সভার উদ্বোধন করেন।

কর্মসূচি শেষে কর্মীরা বেরিয়ে চলে যাওয়ার সময় চারজনকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্ল্যানার্স টাওয়ারে কয়েকজন গোপন বৈঠক করছে বলে তাদের কাছে খবর আসে।

“ওই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যে যার মতো করে পালিয়ে যায়। এ সময় পুলিশ টাওয়ারের সামনের রাস্তা থেকে চারজনকে আটক করে।”

আটকরা বিএনপির কর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি মিটিং করলে তো পুলিশকে জানাত। কিন্তু পুলিশকে বিএনপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।”

তবে ওই বৈঠকে অংশ নেওয়া মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘরোয়াভাবে কর্মসূচি পালন করে বেরোনোর সময় পুলিশ এসে তল্লাশি শুরু করে। আমাকেও তারা দাঁড় করে জিজ্ঞাসাবাদ করে, আমি দলীয় পরিচয় দেওয়ার পরেও আমার পরিচয়পত্র দেখতে চায়।

“সেখান থেকে আসার পরে শুনেছি, চারজনকে ধরে নিয়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

অবিলম্বে কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এই বিএনপি নেতা।