আমি ‘আল্লাহর রহমতে’ আছি, ওরা শেষ হতে চলেছে: এরশাদ
বিএনপির দিকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, যারা তাকে ও তার দলকে নিঃশেষ করতে চেয়েছিল তারাই এখন শেষ হতে চলেছে।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সভায় সাবেক এই সামরিক শাসক বলেন, “দীর্ঘ ২৭ বছর আমরা ক্ষমতার বাইরে। আমাকে ও জাতীয় পার্টিকে নিঃশেষ করার অনেক ষড়যন্ত্র হয়েছে।
“আমি আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি, জাতীয় পার্টিও এখন বৃহৎ রাজনৈতিক শক্তি। যারা আমাকে ও আমার দলকে নিঃশেষ করতে চেয়েছিল তারাই আজ নিঃশেষ হতে চলেছে। অবিচার ও অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না।”
১৯৮১ সালের ৩০ মে সামরিক ক্যু এর মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসা জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর প্রায় এক বছর পর রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন এরশাদ। দীর্ঘ প্রায় নয় বছর শাসনের পর ১৯৯০ এর ডিসেম্বরে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি।
এরপর গত ২৬ বছরে ক্ষমতার পালাবদলে ভূমিকা রাখলেও মূল চালকের আসনে আর আসতে পারেনি জাতীয় পার্টি।
দেশে এখন সবক্ষেত্রে বিপর্যয় চলছে মন্তব্য করে এরশাদ বলেন, “মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রতিদিন গুম-খুনের ঘটনা বেড়েই চলছে। দুর্ঘটনা-প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ অসহায়ভাবে জীব যাপন করছে। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের নিয়ে ব্যস্ত।”
বিএনপি ও আওয়ামী লীগ দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে না দাবি করে এই পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “কারণ এই অশান্তির জন্য মূলত তারাই দায়ী। মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে জাতীয় পার্টিকেই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”
সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, জাপা চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
