২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অর্থনীতি ধ্বংসের পাঁয়তারা চলছে: ফখরুল

সরকার দেশের ‘অর্থনীতিকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 11:17 PM

Updated : 19 Aug 2022, 04:47 PM

প্রস্তাবিত বাজেট নিয়ে রোববার এক আলোচনায় সভায় বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, “তারা (সরকার) বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলার চেষ্টা করছে। আমি উদাহরণ দিয়ে বলতে চাই, বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় এক লক্ষ টাকা রাখলে আগে ছিল ৫০০ টাকা, এখন ৮০০ টাকা আবগারি শুল্ক কেটে নেবে।

“একদিকে তারা ব্যাংক লুট করে শেষ করে দিয়েছে। এখন ১৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেবেন এই জনগণের ট্যাক্সের পয়সায়, তাদের পকেট কেটে।”

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ‘কমল’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

ফখরুল বলেন, “একটা মানুষ খুঁজে পাবেন না যে এই বাজেটকে ভালো বলছে। এমনকি যারা অর্থনীতিবিদ, এমনকি যারা আওয়ামী লীগের প্রতি দুর্বল তারাও বলছে, এই পর্যন্ত যত বাজেট এসেছে, তার মধ্যে সবচেয়ে খারাপ বাজেট।”

বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ রাখা হয়নি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার হয়ে আছে। তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই বাজেটে নেই, কোনো ইঙ্গিত নেই। তারা কর নেবে আর সেই তারা কর নিয়ে মেগা প্রজেক্ট তৈরি করবেন, মেগা লুট করবেন- এটাই আসল উদ্দেশ্য।

“আওয়ামী লীগ প্রকৃতিগতভাবেই লুটেরা। আমার মনে আছে ১৯৭২-৭৫ সালে পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা একইভাবে লুট করেছে।”

“এজন্য মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সেই সময়ে বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নামটা বাদ দিয়ে এটাকে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি রাখা হোক।”

বিএনপি নির্বাজনে অংশ নিতে চায় জানিয়ে সেই নির্বাচনে সবার সমান সুযোগ তৈরির উপর জোর দেন ফখরুল।

“আপনারা ফুটবল খেলবেন রেফারি, লাইন্সম্যান সবাইকে নিয়ে। আর আমরা মাঠের বাইরে দাঁড়িয়ে দেখব, সেটা হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারি যেটা হয়েছে, সেটা এবার হবে না।”

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “শেখ হাসিনা যদি আরেকটি ৫ জানুয়ারি করতে পারে, বাংলাদেশের পতাকাও চলে যাবে, একথাটি আপনাদেরকে বলে দিলাম আজকে।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আহসানউল্লাহ হাসান, সৈয়দ আবদাল আহমেদ, মুস্তাফিজুর রহমান, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, এসএম জিলানি, রফিক হাওলাদার, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম রবিন, গাজী রেজওয়ানুল হক রিয়াজ, আওলাদ হোসেন উজ্জল, আবদুর রহমান বাবু, জাহিদ হোসেন।