২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই সরকার বড় লোকের, শ্রমিকের নয়’

ট্রেড ইউনিয়ন করার বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও সরকার শ্রমিকদের বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ করেছেন সিপিবির উপদেষ্টা শ্রমিক নেতা মঞ্জুরুল আহসান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 05:22 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

মে দিবস উপলক্ষে সোমবার পুরানাপল্টন সিপিবি কার্যালয়ের সামনে ‘গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের’ আয়োজনে সমাবেশে তিনি এ কথা বলেন।

মঞ্জুরুল আহসান বলেন, “মে দিবস পালন করলেও শ্রমিকের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সকল সরকারি কর্মকর্তা সাপ্তাহিক ছুটি পায়, কিন্তু শ্রমিকদের ছুটি নাই। বর্তমান সরকার হচ্ছে বড় লোকের ও ধনী শ্রেণীর সরকার, এই সরকার শ্রমিকদের সরকার নয়।

“শ্রমিকদের উপর যে নির্যাতন, তার বিরুদ্ধে আন্দোলন করবো, সেই আন্দোলনের হাতিয়ার ট্রেড ইউনিয়ন, আমাদের দেশের সরকার বহু আগে আইএলও সনদে স্বাক্ষর করলেও ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয় না। ট্রেড ইউনিয়ন করতে গেলে চাকরিচ্যুত করা হয়। এই হচ্ছে তথাকথিত গণতান্ত্রিক সরকার।”

ট্রেড ইউনিয়ন করতে গিয়ে হাজার হাজার শ্রমিককে ছাঁটাই ও বরখাস্ত করা হলেও মালিকদের নিপীড়নের বিরুদ্ধে আইন অনুসারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি।

“আজকে শ্রমিকরা আইন অনুযায়ী কোনো সুযাগ-সুবিধা ভোগ করতে পারে না। শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। সরকারি কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী- সবারই বেতন ও সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন বাড়ানো হয় না।”

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্যান্যরা নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সংগঠনের আয়োজনে মে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে হাই কোর্টের কদম ফোয়ারা হয়ে আবার পল্টনে এসে শেষ হয়।

মে দিবস উপলক্ষে একই সময় পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে ‘সমাজতান্ত্রিক শ্রমিক জোট’।

এতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (বর) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, “শ্রমিকদের মা হল কারখানা, সেই কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ ভাল নেই। আজকে শ্রমিকরা খেতে পারে না। শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা নেই। তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা নেই।

“আজকে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম মজুরি ১৫ টাকা হাজার টাকা দাবি করা হয়েছে।”

প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ ও ন্যায্য মজুরি দিয়ে নির্ধারিত ছুটি দেওয়ার দাবি জানান তিনি।

এছাড়া মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট যৌথভাবে সমাবেশ করেছে।

অন্যদিকে প্রেসক্লাবের সামনে ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’; ‘রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন’; ‘বিপ্লবী শ্রমিক আন্দোলন’; ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস উপলক্ষে সমাবেশ, মানববন্ধন ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।