পানির দাবি জাতিসংঘে তুলতে বিএনপির আহ্বান
ভারত-বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানির ‘ন্যায্য হিস্যা’ আদায়ে সরকারকে জাতিসংঘে যাওয়ার জন্য ফের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অভিন্ন নদীগুলোর উপর ভারত বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে তা হঠাৎ করে ছেড়ে দেওয়ার ফলেই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যায় বলেও অভিযোগ করেন ফখরুল।
এর আগে চলতি মাসের ১৯ তারিখে রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতেও মির্জা ফখরুল তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টনের বিষয়টি জাতিসংঘে তোলার দাবি জানান।
বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের’ আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে ‘জিয়াউর রহমান বীরোত্তম’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন এবং সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “এই সরকার দেশের অস্তিত্বকে বিপন্ন করে দিয়েছে। আমার খুব দুঃখ হয়, যখন দেখি প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসলেন কিন্তু আমরা তাকে ধন্যবাদ জানাতে পারিনি। কারণ তিনি আমাদের জন্য কিছু আনলেন না, দিয়ে আসলেন।
“আমার ন্যূনতম যে তিস্তা নদীর পানি, সেটাও আবার কয়েকজন আশ্বাস দিলেন- এটা খুব শিগগিরই হবে। মমতা (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) কালকে সেটা শেষ করে দিয়েছেন যে, প্রশ্নই উঠতে পারে না। আমার তিস্তায় কোনো পানি নাই, পানি দেওয়ার কারণ নাই।
“আমরা বলব, অভিন্ন নদীর হিস্যার প্রয়োজনে জাতিসংঘে যাক সরকার, যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্যা পাই।”
তিনি নিজে ‘ভারতবিরোধী’ নন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আমার পাওনাটা কোথায়? আমার পাওনার কথা বললেই আমি ভারতবিরোধী হয়ে গেলাম? আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই।”
বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
“আমার অধিকার যারা হরণ করে, আমার নেতৃত্ব যদি সেই অধিকার রক্ষা করতে না পারে, তার সমালোচনা অবশ্যই করব। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে, আমার স্বার্থ রক্ষা করা। কিন্তু তারা সেই স্বার্থ রক্ষা করতে পারেননি।”
সম্প্রতি বন্যার পানিতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যাওয়ার জন্য ভারতকে দায়ী করেন বিএনপি মহাসচিব।
“আজকে হাওরে পানির ঢল নেমে আসছে। কোথা থেকে নেমে আসছে? উজান থেকে আসছে। সেখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা নাই, কোনো প্রকল্প নেই আমাদের এদিকে।
“তারা (ভারত) বাঁধ দিয়ে যখন বেশি বৃষ্টি হয় তখন পানি ছেড়ে দেয়। আমরা ডুবে যাই, তলিয়ে যাই। এটা তো হতে পারে না। আন্তর্জাতিক আইন আছে অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে। অবিলম্বে তার উপরে চুক্তি হোক। এটার জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক সরকার, যাতে আমরা আমাদের ন্যায্য হিস্যা পাই।”
সরকার ‘একনায়কতন্ত্র’ চাপিয়ে দিয়ে দেশে একটা দুঃসহ অবস্থা তৈরি করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
“এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই হবে। এর থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।”
জিয়া এবং শাহরিয়ার কবির ও নাসিরউদ্দিন বাচ্চু
জিয়াউর রহমান তার শাসনামলে অতি অল্প সময়ের মধ্যে পুরো জাতিকে ‘ঐক্যবদ্ধ’ করেছিলেন দাবি করে ফখরুল বলেন, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুও তার সঙ্গে যোগ দিয়েছিলেন।
“আজকে যে শাহরিয়ার কবির সাহেব অনেক কথা বলেন। এই শাহরিয়ার কবির সাহেব জিয়াউর রহমান সাহেবের সঙ্গে হেলিকপ্টারে করে ঘুরে বেড়াতেন। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব জিয়াউর রহমানের সঙ্গে ঘুরে বেড়াতেন। তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, জিয়াউর রহমান সাহেবকে অস্বীকার করতে পারবেন?”
মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন জিমির সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, খন্দকার আবদুল মুক্তাদির, আবদুল হাই শিকদার, মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এবং মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের মোক্তাদির হোসেন তরু, জামিল হোসাইন মোরসালিন ও জোবায়ের হোসেন তুহিন বক্তব্য দেন।
