২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাফালিং’ করো না: ছাত্রলীগ নেতাদের কাদের

ছাত্রলীগের বিগত সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগকে এখন আর ‘কেউ খাতির না করার’ কথা উল্লেখ করে ওই পরিণতি সম্পর্কে সংগঠনটির বর্তমান নেতাদের সতর্ক করেছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 10:35 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির নেতাদের ‘তাফালিং’ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পর বিরূপ সময়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী ওবায়দুল কাদের এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনীতিতে টিকে থাকার জন্য ব্যক্তি স্বার্থের চেয়ে সংগঠনের স্বার্থকে গুরুত্ব দিতে ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট শাখা ছাত্রলীগের হল সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগের বিদায়ী সাবেক সভাপতি সোহাগকে(এইচ এম বদিউজ্জামান সোহাগ) এখন আর কেউ সালামও দেয় না। এক সময় তার পিছনে মটরসাইকেলের মহড়া চলত।

“সোহাগ-জাকির (বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক) তোমরাও সাবেক হবা, তখন কেউ সালামও দেবে না। তাই কমিটি দেওয়ার সময় নিজের ক্যাডার বানানোর দরকার নেই।

“ছাত্রলীগের নেতাদের বলছি, তাফালিংটা করো না।”  

বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীদের আগে লেখাপড়ার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বুয়েটের রাজনীতি মেলালে চলবে না। বিশেষায়িত প্রতিষ্ঠানে রাজনীতির আগে পড়াশোনা। পড়াশোনা নম্বর ওয়ান। বুয়েটের রাজনীতিকে নতুন করে সাজাতে হবে।”

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টীকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বক্তব্য দেন।