২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি আমাদের ক্ষমতায় বসাবে না: কাদের

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য ‘প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বিএনপির উদ্বেগের প্রতিক্রিয়ায় সড়ক পহিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে কোনো ‘গোলামির চুক্তি’ তারা করবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 09:53 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়া দিল্লি যাচ্ছেন, সেখানে ৩৫টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এর মধ্যে একটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে, যার বিরোধিতা করছে বিএনপি।

দলটির নেতারা বলছেন, ভারতের সঙ্গে কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর দেশের জন্য বিপজ্জনক হবে। চুক্তি সইয়ের আগে তা জনগণের সামনে প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।

এ নিয়ে তাদের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে বুধবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “ভারতের সাথে আওয়ামী লীগ গোলামির চুক্তি করবে না। দিল্লি, ওয়াশিংটন আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না।”

বিষয়টি নিয়ে সরব হওয়ায় বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি খালি ইস্যু খোঁজে, কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ না পেয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি নিয়ে বলছেন প্রকাশ্যে চুক্তি করতে হবে।

“আপনারা (বিএনপি) কিছু করতে না পেরে ভারতের সাথে অবিশ্বাসের দেয়াল গড়তে চেয়েছিলেন, তাই এখন আপনাদের গাত্রদাহ শুরু হয়েছে।”

ভারতের সঙ্গে যে কোনো চুক্তি সমতার ভিত্তিতে হবে মন্তব্য করে সরকারের এই মন্ত্রী বলেন, “জাতীয় স্বার্থে সামরিক, প্রতিরক্ষা যে কোনো চুক্তিতে সই করতে আমরা রাজি।

“আপনারা দুশ্চিন্তা করবেন না। রাজনীতির ইতিবাচক ধারায় আসুন।”

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে শাখা ছাত্রলীগের হল সম্মেলনে বক্তব্যে এসব বলেন ওবায়দুল কাদের।

বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না তা তার ‘বিশ্বাস হয় না’ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “আগামী নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করতেই হবে, বিকল্প নেই। না হলে অপনাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

“তখন আপনারা সংকুচিত হতে হতে কোথায় পৌঁছাবেন তার শেষ নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এটা আমরা বিশ্বাস করি না।”