২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বার্থ ঠিক থাকলে চুক্তিতে অসুবিধা কী, প্রশ্ন কাদেরের

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করা হলে তাতে অসুবিধা কোথায় তা বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 02:19 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

তিনি বলেছেন, ভারতের সঙ্গে যে চুক্তিই করা হোক, ততে বাংলাদেশের জাতীয় স্বার্থ আগে দেখা হবে। দেশের স্বার্থে সরকার ‘হিমালয়ের মত’ অবিচল।

মঙ্গলবার ঢাকার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী ৭ এপ্রিল তিন দিনের সফরে দিল্লী যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে তার উপস্থিতিতে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে, যার মধ্যে প্রতিরক্ষা বিষয়ক একটি চুক্তিও রয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

এর সমালোচনায় বিএনপি নেতারা বলে আসছেন, ভারতের সঙ্গে কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর দেশের জন্য বিপজ্জনক হবে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “প্রতিরক্ষা হোক, সামরিক হোক, অসামরিক হোক, যে কোনো চুক্তিই হোক, আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ যদি সমুন্নত থাকে, যদি আমি এসব অক্ষুণ্ন রেখে চুক্তি করি, অসুবিধা কী? প্রতিরক্ষা যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয়- সে চুক্তিও আমি করব।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা আমাদের নীতিগত দিক থেকে আমাদের স্বার্থের প্রশ্নে হিমালয়ের মতো। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের কাছে সবার আগে। আমার মনে হয়, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে- শেখ হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি কারও সাথে করবেন না।”

বিএনপির সমালোচনায় কাদের বলেন, তারা সবসময় কর্মসূচির হুমকি দিলেও তাদের কর্মসূচির সঙ্গে ‘জনগণের কোনো সম্পৃক্ততা’ নেই।

“গত আট বছর তো দেখলাম, এই বছর না ওই বছর, রোজার ঈদ, কোরবানির ঈদ- দেখলাম না তো কোনো আন্দোলনে তারা সফল হয়েছে। তারা কিছু করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না।”

তিস্তা চুক্তির বিষয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, গঙ্গা চুক্তি ও ছিটমহল বিনিময় যেহেতু হয়েছে, সেহেতু তিস্তা নিয়েও তিনি আশাবাদী।

“তিস্তা চুক্তির অগ্রগতি হয়েছে, আরও হবে। এটা ম্যাটার অব টাইম। এটা এমনও হতে পারে এখন না হয়ে কিছুদিন পরেও হতে পারে। তাদেরও (ভারতের) কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় তিস্তা চুক্তির অগ্রগতি যথেষ্ট হয়েছে। চুক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।”

সেতুমন্ত্রী জানান, অর্থায়ন জটিলতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রায় ছয় মাস ছিয়ে গেছে। সেই জটিলতা কাটায় এখন আবার কাজ শুরু হয়েছে।

প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশের কাজ ২০১৮ সালে শেষ  করার লক্ষ্যের কথা জানিয়ে কাদের বলেন, বনানী পর্যন্ত প্রায় ৫০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

“আশা করছি, দুই সপ্তাহের মধ্যে ফান্ডিং প্রক্রিয়া শুরু হলে কাজ আরও গতি পাবে। এ প্রকল্পের কাজ উড়ে যায়নি। আমরা যে কোনোভাবে এটা এগিয়ে নিতে চাই।”