হাসিনাকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে জনগণ: মোশাররফ
শেখ হাসিনা ক্ষমতা না ছাড়লে জনগণ আন্দোলনের মাধ্যমে তাকে হটিয়ে ‘নির্দলীয় সরকারের’ অধীনে নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শেখ হাসিনার অধীনেই বিএনপি নির্বাচনে আসবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের বক্তব্য জনগণ ও বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেও মন্তব্য করেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কেমন সরকার চান, সে বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘অতি শিগগির’ই রপরেখা দেবেন বলেও জানিয়েছেন এই বিএনপি নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, “আওয়ামী লীগের নেতারা অগ্রিম বলেন যে, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে- এসব কথা বলে বলে তারা আমাদের জনগণকে, দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না।
“আগামী নির্বাচনের সরকার সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রপরেখা দেবেন অতি শিগগিরই। সেই রপরেখা অনুযায়ী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আগামী নির্বাচন পরিচালনা করবে, ইনশাল্লাহ।”
তবে খালেদা জিয়ার ওই প্রস্তাব সরকার উপেক্ষা করলে দেশের মানুষ আগের মতো ঘরে বসে থাকবে না মন্তব্য করে তিনি বলেন, “ইনশাল্লাহ, এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করে বিএনপি নির্বাচনে যাবে।
“ওই নির্বাচনে জাতীয়তাবাদী দলকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এদেশের জনগণ ক্ষমতায় বসাবে, ইনশাল্লাহ।”
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুব দল।
‘গণতন্ত্র মুক্তির’ আন্দোলনে সর্ব শক্তি দিয়ে নামার প্রস্তুতি নিতে যুব দল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে সরকারকে হুঁশিয়ার করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, “এবারো যদি আগের মতো ভোটবিহীন নির্বাচন হয়, তাহলে এবার ভোটের খালি বাক্স ওই প্রিজাইডিং অফিসার-পোলিং অফিসার নিয়ে যেতে পারবে না।
“জনগণ সেগুলোকে নিয়ে নেবে এবং জনগণ তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে।”
এই প্রতিরোধ গড়ে তোলার জন্য তৃণমূল এখন প্রস্তুত মন্তব্য করে চট্টগ্রামের এই বিএনপি নেতা বলেন, “অগ্রগামী বাহিনী, যারা আমরা নেতৃত্বে আছি, আমাদের কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতা কাটিয়ে আমি মনে করি যে, একটি বৃহত্তর পরিসরে আন্দোলন অগ্রসর হবে, আন্দোলনকে কেউ বাধা দিতে পারে না।”
সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বক্তব্য রাখেন।
যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, মহানগর (উত্তর-দক্ষিণ) এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, মোস্তফা কামাল রিয়াদ, শরীফ হোসেন শরীফ, শরীফউদ্দিন জুয়েল, জামালউদ্দিন খান শাহীন প্রমুখ বক্তব্য দেন।
