৭১ ইউপিতে চেয়ারম্যান প্রার্থীর নাম চেয়ে তৃণমূলে আ. লীগের চিঠি
দেশের ৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তৃণমূলের কাছ থেকে প্রার্থীদের নামের তালিকা চেয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিঠি পাঠানোর বিষয়টি জানানো হয়।
গত বছর ছয় ধাপে চার হাজার ২৭৯ ইউপিতে নির্বাচনের পর এবার ওই সময় বন্ধ ঘোষিত কেন্দ্রের পাশাপাশি উপ নির্বাচন ও কিছু ইউপির সাধারণ নির্বাচন মিলিয়ে ১৭৩টিতে আগামী ১৬ এপ্রিল ভোটের দিন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দলীয় মনোনয়নে হতে যাওয়া এসব ইউপির মধ্যে দেশের ৩১টি জেলার মোট ৭১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন ঘোষিত ৭১টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি নির্দেশনা সংশ্লিষ্ট ৩১টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের পরামর্শ নিয়ে প্রতি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী তিনজনের নামের তালিকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পাঠাতে হবে।
আগামী ১৫ মার্চের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওই তালিকা পাঠাতে নির্দেশনা দেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
