২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিত নেই, এখন কথা বলবে কে: নূর

বর্তমান সময়ে বাকপটু রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের অভাব অনুভব করার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 01:16 AM

Updated : 19 Aug 2022, 03:52 PM

তিনি বলেছেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি যখন হুমকি দিচ্ছে, সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত না থাকা বড় ক্ষতি। হেফাজত সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরাতে হুমকি দিচ্ছে, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা নিয়ে হুমকি দিচ্ছে, সেখানে তাকে প্রয়োজন ছিল।

“এ সব বিষয়ে প্রধানমন্ত্রী আপসহীন অবস্থান নিয়েছেন, তবে সমাজে, সভা-সেমিনারে এ সব কথা বলা প্রয়োজন। কিন্তু এটা বলার লোক কম।”

বাংলাদেশের প্রায় প্রতিটি সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ ফেব্রুয়ারি মারা যান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

সংসদ এবং রাজনীতির মাঠ কথার জালে মাতিয়ে রাখা সুরঞ্জিতের রাজনীতির শুরু হয়েছিল বাম সংগঠনের মাধ্যমে, একই ভাবে রাজনীতিতে পা রাখেন আসাদুজ্জামান নূরও। 

সোমবার ঢাকায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় তার অভাব বোধ করার কথা জানান নূর।

সুনামগঞ্জ সমিতি আয়োজিত এই স্মরণ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেন, “আমরা রাষ্ট্রীয়ভাবে মোটামুটি ধর্মনিরপেক্ষতা বজায় রেখে যাচ্ছি। কিন্তু এটা বেশ ফ্যাতরার মধ্যে আছে। এ সময় সুরঞ্জিতের মতো নেতৃত্ব আমাদের দেশের খুবই প্রয়োজন।”

সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিতকে ‘বিশেষজ্ঞ’ হিসেবে দেখার কথা জানিয়ে মুহিত বলেন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে তাতে তার স্বাক্ষর না করার বিষয়টি তার মনঃপুত হয়নি।

“আমার মনে হয়েছে, এটা খুব ভালো কাজ হয় নাই। আমি সেটা সব সময়ই সেটা মনে করেছি।”

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়জয়কারের মধ্যে ন্যাপ থেকে পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছিলেন সুরঞ্জিত। স্বাধীনতার পর তিনি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হন।

তবে তখন কিছু বিষয়ে আপত্তি জানিয়ে তাতে সই করেননি সুরঞ্জিত, যা সংবিধানের পঞ্চদশ সংশোধনের সময় সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় বলেছিলেন তিনি।

Image
.

.

পঞ্চদশ সংশোধনীতেও সরকারের শরিক দুই বাম দলের নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু স্বাক্ষর করতে চাননি।

মুহিত বলেন, “আমি তাদের অলমোস্ট হাতে-পায়ে ধরে সবাইকে নিয়ে দস্তখত করিয়েছিলাম। আমরা কথা ছিল, হ্যাঁ, তোমরা কিছু কিছু উপাদান পছন্দ করো না। ম্যান্ডেটের কারণে ভোট দিয়েছো, দস্তখত না করার অধিকার তোমাদের আছে। কিন্তু এই সংবিধানটি আমাদের ইতিহাসের একটা অংশ।”

কথার বাক্যবাণে অভ্যস্ত সুরঞ্জিতের কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য অনুষ্ঠানে ক্ষমা প্রার্থনা করেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত।

তিনি আরও বলেন, “জন্মের পূর্বে তার বাবা মারা গিয়েছিলেন। অল্পদিন পরে মারা যান মা। তাই তাকে দুখু সেনও বলা হত। আপনাদের ভালোবাসা দুখু সেনকে সুরঞ্জিত সেনগুপ্তে পরিণত করেছে। তাই তাকে ক্ষমা করে দেবেন।”

সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মন্জুর সভাপতিত্বে সভায় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মেসবাহ, শামসুন নাহার বেগম, মহিবুর রহমান মানিক, প্রবীণ সাংবাদিক ও সুরঞ্জিত সেনগুপ্তের সহমুক্তিযোদ্ধা বন্ধু সালেহ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামি, সুরঞ্জিতের সহকারী ব্যক্তিগত সচিব এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ প্রমুখ।

পুরনো খবর:

‘শেষ ট্রেনের যাত্রী’ সুরঞ্জিত সেনগুপ্ত