২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহায়ক সরকারের’ রূপরেখা ‘শিগগির’: ফখরুল

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন‌্য বিএনপি শিগগিরই ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ রূপরেখা দেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2017, 11:27 PM

Updated : 19 Aug 2022, 03:47 PM

শনিবার ভোলা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, তারা নির্বাচন চান। তবে সেই নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে।

“সেজন্য দরকার নির্বাচন কমিশনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এমন একটি নির্বাচনকালীন সহায়ক সরকার। যে সরকার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে কমিশনকে সহায়তা করবে।”

‘শিগগিরই’ এর রূপরেখা দেওয়া হবে জানিয়ে এ বিষয়ে ক্ষমতাসীনদের ইতিবাচক সাড়া প্রত‌্যাশা করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। ওই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলের অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এখন ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’র কথা বলছে বিএনপি।

এ বিষয়ে এখনও তারা কোনো ধারণা না দিলেও বিএনপি নেতারা বলে আসছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনকালীন সরকার হবে সেখানে কাকে কাকে রাখা হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ঠিক করবেন।

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এ সরকারের অধীনেই নির্বাচন হবে। তিনি যাকে যাকে ওই সরকারে নেবেন বলে মনে করেন, তাদের নিয়েই নির্বাচন পরিচালিত হবে। এটা সংবিধানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও শনিবার খুলনায় এক অনুষ্ঠানে ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের’ রূপরেখা দেওয়ার কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র, সংবিধান এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করছে। যে কারণে নির্বাচন কমিশন গঠনে আলোচনার ক্ষেত্র তৈরিতে ১৩ দফা প্রস্তাব দেওয়া হয়

“এখন নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করছে বিএনপি, যা অচিরেই প্রস্তাব আকারে পেশ করা হবে।”

দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ভোলা জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করেন।

জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম,বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেনিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা মহিলা দলের আহ্বায়ক সাজেদা আখতার, জেলা যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন প্রমুখ।