মৃত্যুবার্ষিকীতে কাজী আরেফকে স্মরণ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।
‘কাজী আরেফ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা, মৌলভীবাজার ও বরিশালে পৃথক তিনটি কর্মসূচি পালনের কথা জানানো হয় জাসদের একাংশের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কাজী আরেফের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাসদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।
এ সময় অন্যদের মধ্যে দলের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন ও করিম সিকদার, দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, হাসান আলী বাবু, অহেদুজ্জামান খাঁন রিপন, আশফাকুর রহমান সবুজ, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম রুবেল, প্রকৌশলী আব্দুস কুদ্দুস, ফারুক হোসেন চঞ্চল, সাইদুর রহমান, রোকসানা খাতুন, জাসদ ঢাকা মহানগর পশ্চিম সহসভাপতি টুটুল সরকার উপস্থিত ছিলেন।
বিকাল ৩টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে তার স্মরণসভা আয়োজন করে কাজী আরেফ পরিষদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে বিমূর্ত বিষয়ে না রেখে কাজী আরেফ স্বৈরাচারের পতনের পর নব্বইয়ের দশকের শুরুতেই যুদ্ধাপরাধের বিচারের আন্দোলন সংগঠিত করতে আত্মনিয়োগ করেন। তখন আমাদের মাঝ থেকেই কোন কোন বড় নেতা আরেফের এ উদ্যোগকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন।
“কিন্তু কাজী আরেফ ছিলেন সংকল্পে অটল। আমাদের সবাইকে তিনি তার পথে শামিল করেন। তার সূচিত ধারার সুফল ভোগ করে অনেকেই আজ বড় বড় পদে আসীন, অথচ তার জীবদ্দশায় তাকে হেনস্তা করতে তারা ছিলেন খুবই সক্রিয়।”
জাসদের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কাজী আরেফ পরিষদের নেতা মাহমুদুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাসদের সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ, জাসদের নারী বিষয়ক সম্পাদক তনিমা শরীফ, পৌরসভা চেয়ারম্যান ফজলুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু ব্ক্তব্য দেন।
বিকালে বরিশাল জেলা জাসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজন করা হয় আরেকটি স্মরণসভা।
জেলা জাসদের সভাপতি শহিদুল ইসলাম মীরনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদল, গোলাম মওলা পান্না, নকুল বালা পলাশ বক্তব্য দেন।
