বইমেলায় শ্লোগান নয়: নেতাকর্মীদের কাদের
বইমেলার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য রাজনৈতিক শ্লোগান না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের ‘ব্ঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দর্শন: ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস’ বইয়ের মোড়ক উন্মোচন অনু্ষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ বইমেলায় ‘মাতৃভূমি’ ও ‘যুবজাগরণ’ নামে দুটি স্টল পেয়েছে। সেখানে প্রতিদিনই আসছেন রাজনৈতিক নেতারা। এছাড়াও রাজনীতিকদের কারও কারও বই প্রকাশ অনুষ্ঠান হচ্ছে নিয়মিতই।
এ উপলক্ষে নেতাদের উপস্থিতিতে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বইমেলা।
এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “বইমেলার সঙ্গে সঙ্গতি রেখে এগুলো না করাই ভালো। প্রকাশক, পাঠকদের এই মিলনমেলার পরিবেশ নষ্ট করবেন না।”
সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “’৯৬ থেকে ২০১১, প্রায় প্রতিদিন আসতাম বইমেলায়। আমার মনে পড়ে, আমার প্রথম উপন্যাস ‘গাঙচিল’ প্রকাশের কথা।”
এখন নিয়মিত মেলায় আসতে না পারার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ও চলতি অধিবেশনের নানা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। সময় হয়ে ওঠে না।”
ওবায়দুল কাদের বলেন, “বই হল পালতোলা নৌকার মতো।”
গোলাপের বইটি নিয়ে তিনি বলেন, “পালতোলা নৌকায় ঢেউ ঠেলে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। রাজনীতি অঙ্গনে নানা গবেষণা করে গোলাপ এই বইটি রচনা করেছেন। রাজনৈতিক কর্মীদের বইটি পড়া উচিত।”
গোলাপ তার বইয়ে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন। ‘ভিশন-২১’র নানা দিক নিয়েও আলোচনা করেছেন তিনি। বইটি এনেছে জিনিয়াস পাবলিকেশন্স।
