বিশ্বব্যাংকের কাছে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় ১৪ দল
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালত খারিজ করে দেওয়ার পর ক্ষতিপূরণ বাবদ বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার মঞ্জুরি হিসেবে দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দল।
বুধবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, “তিন বছর আগে বিশ্ব ব্যাংক প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় জাতির কাছে আমরা অসম্মানিত হয়েছিলাম, আমাদের সারা বিশ্বের কাছে ছোট করা হয়েছিল।
“আমরা তৎকালীন সময়ে করা অভিযোগ এখন কানাডার আদালতে মিথ্যা প্রমানিত হয়েছে। বিশ্ব ব্যাংকের তৎকালীন সিদ্ধান্তকে নিন্দা জানাই। আমরা এখন তাদের জবাব জানতে চাই।”
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “পাশাপাশি মিথ্যা অভিযোগে পদ্মা সেতু থেকে অর্থায়ন ফিরিয়ে নেওয়ার কারণে কাজের বিলম্বসহ অনেক ক্ষতি হয়েছে। পদ্মায় এই কাজের ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার মঞ্জুরি হিসেবে আমাদের দিতে হবে।”
দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পে প্রতিশ্রুত অর্থায়ন থেকে চার বছর আগে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ানোর পর নিজস্ব অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। তবে প্রকল্পের কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সঙ্গে ঘুষ লেনদেনের একটি ষড়যন্ত্রের তথ্য পাওয়ার জানিয়ে মামলা করেছিল দুদক।
ওই ষড়যন্ত্রের অভিযোগের বিচারের রায়ে শুক্রবার কানাডার আদালত তার দেশের কোম্পানির বিরুদ্ধে বিশ্ব ব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ার কথা জানায়।
নোবেল বিজয়ী ড. ইউনুস পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের মূল হোতা দাবি করে চৌদ্দ দলেরর মুখপাত্র বলেন, “পদ্মা সেতুসহ দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের নাটের গুরু ড. ইউনুস। তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে, লবিষ্ট নিয়োগ করে দেশের স্বার্থবিরোধী কাজ করেছেন। এইভাবে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন।
“পদ্মা সেতুর কাজ প্রতিহত করার জন্যই তিনি কাজ করে গেছেন। তাই ইউনুসসহ ষড়যন্ত্রকারিদের জাতীয় সংসদে হাজির করতে হবে। এর জন্য আমি স্পিকারকে অনুরোধ জানাব।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।
