ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বসলেন খালেদা
সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের পর জোট শরিক ও দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর এবার ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বসলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতের এই বৈঠকে নতুন নির্বাচন কমিশন ছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থাসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।
বিএনপির নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান ৩৫ জন।
গুলশানের কার্যালয়ে এই বৈঠকে ভাইস চেয়ারম্যানদের মধ্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মাহমুদুল হাসান, খন্দকার মাহবুব হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি সাবেক সরকারি কর্মকর্তা নূরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। বিএনপির সুপারিশ করা ব্যক্তিদের থেকেও একজন নির্বাচন কমিশনার হয়েছেন।
তবে চার দলীয় জোট সরকার আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করায় অসন্তোষ জানিয়েছে বিএনপি। তারা বলছে, ওই কারণে বিএনপির প্রতি ক্ষোভ থাকতে পারে সাবেক এই সরকারি কর্মকর্তার, যার প্রভাব পড়তে পারে নির্বাচন কমিশনের কার্যক্রমে।
ভাইস চেয়ারম্যানদের সঙ্গে খালেদা জিয়ার সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। রোববার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন।
