২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষকে বোকা না বানিয়ে ঐক্য গড়ুন: ফখরুল

জঙ্গি দমনের নামে মানুষকে বোকা না বানিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 07:54 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

সোমবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠির নয়। সমগ্র জাতিকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা সব রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে, সব ধরনের টেরোরিজমের আমরা বিরুদ্ধে।

“সরকারকে আহবান জানাচ্ছি, মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে প্রতারণা না করে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন।”

‘ফাইটিং মিলিট্যান্সি ইন কোয়েস্ট অফ পিস’ নামের ৭১ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বিএনপির হিউম্যান রাইটস সেল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সেলিমা রহমান, শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, দলের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গিদের বিষয়ে তদন্ত নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, “একটি ঘটনাতেও যাদেরকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কেউ বেঁচে নেই। প্রত্যেককেই গুলি করে হত্যা করা হয়েছে। হয় ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে অথবা পালাচ্ছিল অথবা পাল্টা আক্রমন করেছিল বলে হত্যা করা হয়েছে।

“ভেরি রিসেন্টলি র্যাবব কয়েকটি অভিযান চালিয়েছে। তাদেরকে ধরে বলছে যে এরা পরিকল্পনা করছিল। এখন অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কয়েকদিন আগে দেখলাম পত্রিকায় ২৮ জন মহিলা, তারা একটি বাসায় সম্ভবত তাবলীগের মহিলা, ওই সম্পর্কে আলোচনা করছিলেন, তাদেরকে ধরে নিয়ে গিয়ে বলা হচ্ছে- নাশকতার পরিকল্পনা করছিল। সরকার এখান থেকে ফায়দা নিতে চায়- যে কথা আমরা বার বার বলছি।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “সত্যিকার অর্থেই জঙ্গিবাদকে নির্মূল করবার জন্য যদি আপনারা আন্তরিক হউন, তাহলে এর সুষ্ঠু তদন্ত করুন এবং যারা দায়ী তাদের খুঁজে বের করুন। যে কাজটি বিএনপি করেছিল ২০০৫-০৬ সালে, সেই বাংলা ভাই সমস্যার সময়ে। আপনারা যেটা করছেন না। রাজনৈতিক ফয়দা নিতে সুবিধা হয়- আপনারা ইচ্ছাকৃতভাবে সেসব কাজ করছে।”

মির্জা ফখরুল বলেন, “আজকে জঙ্গিবাদকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই বিষয়টা যাতে তারা না করতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। এর একটি মাত্র পথ হচ্ছে- সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে, তাদেরকে সচেতন করে, তাদেরকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।”

বর্তমান সরকারের আমলে ‘জঙ্গিবাদ’ বেড়েছে দাবি করে তিনি বলেন, “আপনাদের আমলে দেখা যায় যে, নতুন নতুন জঙ্গি সংগঠন সৃষ্টি হচ্ছে, আপনাদের আমলে দেখা যায় যে, ব্লগাররা নিহত হচ্ছে, প্রকাশকরা নিহত হচ্ছে। এর কারণটা কি? আপনারা ওদের প্রশ্রয় দেন, আপনারা তাদের লালন করেন।”