দেশকে ‘নরক’ বানিয়েছে আওয়ামী লীগ: ফখরুল
আওয়ামী লীগের বর্তমান শাসনামলকে ‘নরক’ এর সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উল্লেখ করে তিনি রোববার এক প্রতিবাদ সমাবেশে বলেন, “প্রতিদিন খবরের কাগজ খুলে দেখবেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব, এ ওকে গুলি করছে, এ ওকে মারছে। কী নিয়ে দ্বন্দ্ব? লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব।
“সমাজকে তারা এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে কোনো কিছুর কোনো জবাবদিহিতা নেই, যেখানে কোনো কিছুর নিশ্চয়তা নেই, জনগণের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যােরান্টি নাই, মা-বোনের ইজ্জতের কোনো গ্যারেন্টি নেই, শিশুরাও রক্ষায় পায় না। আজকে এই সরকার গোটা বাংলাদেশকে নরকে পরিণত করেছে।”
এই অবস্থা থেকে বেরিয়ে আসতে জনগণকে সরব হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
“পারস্পরিক দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, পরাজিত করতে হবে এই অপশক্তিকে, যারা আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।”
ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশ হয়।
ফখরুল বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, অসংখ্য মামলা। দেশনেত্রীর বিরুদ্ধে মামলা। যখন উনি গুলশানে চারিদিকে পুলিশ বেষ্টিত অবরুদ্ধ, তখন না কি একেবারে উড়ে গিয়ে দারুস সালামে গিয়ে উনি বোমা মেরে এসেছেন। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, যখন আমি জাতীয় প্রেস ক্লাবে ভেতরে আটকা, তখন আমি না কি ৯টা জায়গায় একসঙ্গে গাড়ি পুড়িয়েছি।
“এই মামলা দিয়ে, হত্যা করে, গুম করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, দেশের ১৬ কোটি মানুষকে দমিয়ে রাখা যাবে না,” সরকারকে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকারের বক্তব্যে র পাল্টায় তিনি বলেন, “খুব করে ফলাও করে প্রচার করে বাংলাদেশ না কি উচ্চ আয়ের দেশ হবে, উন্নত দেশ হবে। আজকে একজন মন্ত্রী বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশের পরিণত হবে। আনন্দের কথা। কিন্তু আসল ব্যাপারটা কী?
“অর্থনীতি লুটে নিয়ে যাচ্ছে। যে কাজ ১০ টাকায় হওয়ার কথা সেই কাজ হচ্ছে ৫০ টাকায়। এই যে ফ্লাইওভার হচ্ছে ঢাকা শহরে, প্রতিদিন নির্মাণ ব্যয়ের খরচ বাড়ছে, যেটা ৩ কোটি ছিল, সেটা হয়েছে ৩০ কোটি টাকা। এখন নতুন রাস্তা হবে পায়রা বন্দর থেকে গাজীপুর পর্যন্ত। সেখানে প্রায় ৩০ হাজার কোটি টাকায় এই রাস্তা তৈরি হবে। কাদের সঙ্গে হচ্ছে, যাদের সঙ্গে টেন্ডার হয় নাই। অর্থাৎ সাপ্লাইয়ার্স ক্রেডিটে হবে। তারা টাকা দেবে, তারাই তৈরি করবে, আপনি শুধু সুদ দেবেন, বেশি করে টাকা পরিশোধ করবেন। আমার পকেট থেকে টাকা কেটে নেওয়া হবে।”
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, “অনেকে এখানে আন্দোলনের কথা বলেছেন। কে কখন কোত্থেকে ডাক দিয়ে বসবে, সেটা আল্লাহই বলতে পারেন। তবে আমাদের সকলকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। নিশ্চয় ডাক আসবে, আপনারা প্রস্তুত থাকবেন।”
সমাবেশে আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু, আনোয়ার হোসাইন, সাইফুল ইলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, রাজীব আহসান বক্তব্য রাখেন।
