২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার সংবর্ধনায় তৃতীয়শক্তির ‘একক মঞ্চের’ ডাক

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২১ মাস কারাবাসের পর বেরিয়ে আসা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সংবর্ধনায় আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তির একক মঞ্চ গড়ে তোলার ডাক এসেছে একেএম বদরুদ্দোজা চৌধুরী ও কাদের সিদ্দিকীসহ একদল রাজনৈতিক নেতার কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 08:31 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ওই সংবর্ধনায় বিকল্পধারা সভাপতি ডা. বদরুদ্দোজা ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীসহ অন্তত সাতটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঐক্যের আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “ঐক্যের কথা আসছে, এক্ষেত্রে মাহমুদুর রহমান মান্না ভালো সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারেন বলে আমার বিশ্বাস।”

তিনি বলেন, “১৯৫৪ সালে যখন যুক্তফ্রন্ট গঠিত হয়, তখন শেরে বাংলা একে ফজলুল হক ও মওলানা ভাসানীর মধ্যে মুখ দেখাদেখি ছিল না। মওলানা ভাসানীর সঙ্গে এক সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা হত না। কিন্তু জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা এক হয়ে যুক্তফ্রন্ট করে মুসলিম লীগের কবর রচনা করতে পেরেছিলেন।

“আজকেও বাংলাদেশের সমস্ত বিরোধী দল যদি এক না হয়, তাহলে আপনারা যা-ই বলেন না কেন এই সরকারের পতন ঘটাতে পারবেন না। যদি সরকারের অবসান চান, যদি গণতন্ত্র চান, তাহলে সকল বিরোধী দলের একত্র হওয়ার প্রয়োজন আছে।”

কাদের সিদ্দিকী বলেন, “কেমন নির্বাচন হবে সেটা সরকারের উপর নির্ভর করে না। নির্ভর করে বিরোধী দলের ওপর, জনগণের উপর তাদের প্রভাব এবং তাদের প্রতি জনগণের বিশ্বাসের উপর। বিরোধী দলকে বলব, মানুষের কাছে যান। মানুষ না থাকলে রাজনীতি বাঁচে না, যেভাবে পানি না থাকলে মাছ বাঁচে না।”

মান্নাকে কারাগারে রাখার সমালোচনা করে তিনি বলেন, “আমাকে জেলে দাও, তবে জামিন দাও। ২২ মাসে যে জামিন দাও, ২ দিনে সেই জামিন দিতে পার না কেন? মামলা দাখিল করার পরপর জামিন দিতে পার না কেন? সাক্ষ্যপ্রমাণের পর শাস্তি যদি হয়, সেটা হবে, কিন্তু বিনা বিচারে আটকে রাখবে কেন?“

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের শুরু থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা অবরোধ-হরতালে সহিংসতায় প্রাণহানির মধ‌্যে সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানান মান্না। সংলাপ না হলে আবারও ‘ওয়ান ইলেভেনের’ কথা বলে আলোচিত হন তিনি।

এর পরপরই বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথা বলার দুটি অডিও ক্লিপ প্রকাশ হয়। এতে মান্নাকে ওই পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপের উদ্যোগে আগ্রহ প্রকাশ করতে শোনা যায়। পাশাপাশি বিএনপি জোটের আন্দোলন জোরদারে বিশ্ববিদ্যালয়ে ‘লাশ ফেলার’ কথাও বলতে শোনা যায় তাকে।

এই প্রেক্ষাপটে ওই বছর ২৫ ফেব্রুয়ারি মান্নাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উসকানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এরপর গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পান নাগরিক ঐক্যের আহ্বায়ক।

মান্না জামিনে বেরিয়ে আসার পরও সরকার তাকে ভয় পায়-মন্তব্য করে জাসদ-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, “এ কারণে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হলেও তার পাসপোর্ট আটকে রাখা হয়।”

সরকারবিরোধী ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মান্নার এই সংবর্ধনা থেকে আওয়ামী লীগের শোষণ-দুঃশাসনের বিরুদ্ধে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই। আমার বয়স হয়ে গেছে, করতে পারব না। মান্নার মতো মধ্যবয়সী যারা আছে তারা এটা করতে পারবে।

‘ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট কিংবা জাতীয় ফ্রন্ট’ যে নামেই হোক এই মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান রব।

জনগণের শক্তি ছাড়া এই সরকারকে হটানোর কোনো সুযোগ নেই মন্তব্য করে অনুষ্ঠানে সাবেক বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “জনগণই কেবল তাদের গণতন্ত্র শেখাতে পারে, তাদের গণতন্ত্রের লক্ষ্যে পরিচালিত করতে পারে। মুক্ত করতে পারে এই রাহুগ্রাস থেকে। এজন্য জনগণের ঐক্য তৈরি করা দরকার।”

সার্চ কমিটিতে প্রধানমন্ত্রীর কথার বাইরে কিছু হবে না মন্তব্য করে তিনি বলেন, “রাষ্ট্রপতি ছিলাম, আমি তো জানি সংবিধানে স্পষ্ট করে লেখা আছে প্রধানমন্ত্রীর নিযুক্তি ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কোনো কিছুতেই প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কিছু করিতে পারেন না। তাহলে প্রধানমন্ত্রীর কথা ছাড়া রাষ্ট্রপতি এককভাবে নির্বাচন কমিশন গঠন করবেন কীভাবে?”

সার্চ কমিটিতে ৩১টি রাজনৈতিক দল থেকে পাঁচটি করে নাম এলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কথায় বা আওয়ামী লীগের দেওয়া নাম অনুসারে নির্বাচন কমিশন গঠিত হবে বলে মন্তব্য করেন বদরুদ্দোজা।

সার্চ কমিটির মুখপাত্র হিসাবে ‘প্রধানমন্ত্রীর অধীনে থাকা’ মন্ত্রিপরিষদ সচিবকে রাখারও সমালোচনা করেন তিনি।

মান্নাকে বিনা বিচারে ২১ মাস কারান্তরীণ রাখার সমালোচনা করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “তাকে ২৫ বার কোর্টের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এই সময়ে কোনো সাক্ষী উপস্থাপন করতে পারে নাই, কেস দিতে পারে নাই। তাহলে এত সময় তাকে কারা অন্তরীণ রাখলেন কেন?”

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সম্মিলিতভাবে যুক্তফ্রন্ট গঠন করে ‘ম্যাগনাকার্টা’ প্রকাশ করুন। জনগণের কাছে গিয়ে বলুন, কেন তাদের জন্য এ ‘ম্যাগনাকার্টা’ দরকার।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “বড় দলের অহমিকা ছেড়ে দিয়ে মাঠে আসুন, না হয় আপনাদের কপালেও দুর্গতি আছে।”

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, “আমাদের গণতন্ত্র কেবল নির্বাচনের মধ্যে আবদ্ধ। আগে নির্বাচন হত এখন তাও হয় না। নির্বাচন ছাড়া ক্ষমতায় আরোহন করে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে মান্না আন্দোলন গড়ে তুলেছিলেন, এটা তার জন্য কাল হয়েছিল। কোনো মামলা হয় নাই, চার্জশিট হয় নাই, বিনা বিচারে কারাগারে রেখে তার জীবন থেকে ২২ মাস কেড়ে নেয়া হয়েছে।”

সংবর্ধনার অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, “আমি যা-ই করেছি, ষড়যন্ত্র করিনি। ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না। নিজেকে আমি অত বড় রাজনৈতিক নেতা মনে করি না।

“কোনো সরকারকে উৎখাত করে কোনো সরকারকে ক্ষমতায় বসানোর রাজনীতি আমি করি না। তবে জনগণের সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্ণ গণতান্ত্রিক অধিকার থাকলে এই রকম একটা বড় শক্তি গড়ে গড়ে তোলা সম্ভব।”

’উন্মুক্ত গণতান্ত্রিক আকাশ’ থাকলে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নাগরিক ঐক্যের সরকার গঠন করা সম্ভব বলে মন্তব্য করেন মান্না।

সংগঠনের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বক্তব্য দেন।