২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বৈঠকে সার্চ কমিটিতে নাম পাঠানোর আলোচনা

সার্চ কমিটি নিয়ে হতাশ হলেও তাদের আহ্বানে সাড়া দিয়ে ইসির জন‌্য নাম প্রস্তাবের পক্ষেই আলোচনাই হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সভায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 12:09 AM

Updated : 19 Aug 2022, 03:37 PM

রোববার রাতে খালেদা জিয়া সভাপতিত্বে এই বৈঠকের পর দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের একাধিক সদস‌্যের সঙ্গে আলোচনা করে এই তথ‌্য জানা গেছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু ভেবে নিতে চাইছেন বিএনপি চেয়ারপারসন। সেজন‌্য বৈঠক সোমবার সন্ধ‌্যা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকের পর স্থায়ী কমিটির একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাম পাঠানোর বিষয়ে বেশিরভাগ সদস্য ইতিবাচক কথা বলেছেন। ফলে সিদ্ধান্ত একরকম ইতিবাচকই হবে বলে মনে হয়।”

আরেক সদস‌্য বলেন, “সার্চ কমিটিতে নাম পাঠানোর ব্যাপারে দল ইতিবাচক। কালকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।”

তবে এই দুজনের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।

এদিকে স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্তে কথা বলেন খালেদা জিয়া।

সাংবাদিকদের জিজ্ঞাসায় ফখরুল বলেন, “সার্চ কমিটি যে নাম চেয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

“স্থায়ী কমিটির বৈঠকটি আগামীকাল সন্ধ্যা পর্য্ন্ত মুলতবি করা হয়েছে। কাল নিশ্চয়ই সব কিছু আপনারা জানতে পারবেন।”

রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত স্থায়ী এই বৈঠকে অংশ নেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

নতুন নির্বাচন কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়ার পর দলের নীতি-নির্ধারকদের বৈঠকে ডাকেন খালেদা জিয়া।

রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটি নিয়ে ইতোমধ‌্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। সার্চ কমিটির ছয় সদস‌্যের পাঁচজনেরই নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তাদের।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির মহাসচিব ফখরুল বলছেন, বিদায়ী কমিশনের মতোই আরেকটি ইসি গঠনের পাঁয়তালা চলছে।

পুরনো খবর:

সার্চ কমিটি নিরপেক্ষ হয়নি: বিএনপি