খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৭ এপ্রিল
যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
রোববার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে কারণে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
শুনানি নিয়ে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন সময়ের আবেদন মঞ্জুর করেন।
এ আদালতের সহকারী পালিক প্রসিকিউটর শাহাবুদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার চতুর্থবারের মতো মামলার অভিযোগ গঠন পিছিয়ে গেল।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, রোববার শাকিল পারভেজ নামে মামলার এক আসামিকে এক বছর হাজতবাসের কারণে জামিন দেন বিচারক।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ী এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামের এক যাত্রী।
ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন এসআই কেএম নুরুজ্জামান।
ওই বছরের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই বশির উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় সাক্ষী করা হয় ৮১ জনকে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
