২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বশংবদ’ ইসি জনগণ মানবে না: ফখরুল

সবার কাছে গ্রহণযোগ্য না হলে নির্বাচন কমিশন মেনে নেওা হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 11:35 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। অন্যথায় এদেশের মানুষ কখনোই এই নির্বাচন কমিশনকে মেনে নেবে না। সেটা আওয়ামী লীগের বংশবদ হবে, তাদের ইচ্ছানুযায়ী হবে।”

দলীয় চেয়ারপারসনের ছেলে আরাফাত রহমান কোকোর মৃত‌্যুবার্ষিকীতে মঙ্গলবার এক মিলাদ মাহফিলে বক্তব‌্যে একথা বলেন ফখরুল।

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে আশাবাদী হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে সন্দেহও রয়েছে দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির।

ফখরুল বলেন, “আওয়ামী লীগ সুস্থ অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না। তারা রাজনীতিতে সবসময় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে।

“মহামান্য রাষ্ট্রপতির যে উদ্যোগ, এই উদ‌্যোগকে তারা ইতোমধ্যে বিতর্কিত করে ফেলেছে এবং বিতর্কিত করবার জন্যেই এখন বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে।”

আওয়ামী লীগ জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

“এদেশের রাজনীতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের আনার জন্য আজকে যারা ষড়যন্ত্র করছে। একদলীয় শাসন ব্যবস্থা আবার প্রতিষ্ঠা করবার জন্যে সুপরিকল্পিতভাবে কাজ করছে।”

মিলাদ ও দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুল ইসলাম হাবিব, আবু সাঈন খান খোকন, এবিএম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, কাজী আবুল বাশার, শাহ নেসারুল হক, মোর্ত্তাজুল করীম বাদরু, এস এম জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান হাবিব, খন্দকার মারুফ হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।