প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপিসমর্থকরাও খুশি: কাদের
বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করলেও দলটির সাধারণ সমর্থকরা সরকারপ্রধানের বক্তব্যে ‘খুশি হয়েছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকায় দলের এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী কাদের বলেন, “প্রধানমন্ত্রীর ভাষণে শুধু ফখরুল সাহেবরা অখুশি হয়েছেন।”
বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে, তার অধীনে একাদশ সংসদ নির্বাচনে সব দলকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তার ভাষণের বড় একটি অংশে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্যের তথ্য তুলে ধরেন, যার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন “এই ভাষণটা একেবারেই গতানুগতিক, আত্মতুষ্টি ও আত্মস্তুতিতে ভরা।”
শুক্রবার সকালে রাসেল স্কয়ারে বঙ্গবন্ধু ভবনের সামনে মহানগর আওয়ামী লীগ উত্তরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে ফখরুলের বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন, পরবর্তী নির্বাচনী প্রক্রিয়াসহ সার্বিকভাবে ‘সব কিছু নিয়ে’ কথা বলেছেন।
“সারা বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্যে খুশি, এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি।... যারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে তারা শুধু অখুশি।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপির উদ্দেশে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আবারও বলেন, পরবর্তী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই হবে।
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের ভবিষ্যতে রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি করতে নিষেধ করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর ‘স্পষ্ট নির্দেশ’ আছে বলে জানান।
চলতি মাসের প্রথম দুই সপ্তাহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ক্ষমতাসীন দলের কর্মসূচির কারণে দু্ই দিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়।
কাদের বলেন, ‘ভবিষ্যতে আর রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না’ জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “আমরা বিকল্প পথ খুঁজছি। সপ্তাহের ছুটির দিনগুলো র্যালির জন্য রাখা যায় কিনা ভাবছি।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের উপস্থিতিতে রাসেল স্কয়ারের অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দীও এ সময় উপস্থিত ছিলেন।
