২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কালো পতাকা কর্মসূচি সারাদেশে, ঢাকা বাদে

দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি, যে দিনটিকে ‘গণতন্ত্র হত‌্যা দিবস’ হিসেবে পালন করে দলটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বৃহস্পতিবার সারাদেশে কালো পতাকা মিছিল হলেও রাজধানী ঢাকায় কোনো কর্মসূচি থাকছে না। এই দিবস উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।

বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের মধ‌্য দিয়ে ক্ষমতায় থেকে যায় আওয়ামী লীগ।

এর পরের বছর ৫ জানুয়ারি কর্মসূচি পালন করে গিয়ে বাধা পেয়ে সরকার পতনে লাগাতার অবরোধ ডেকেছিল বিএনপি। তাতে ব‌্যর্থ হয়ে গত বছর ঢাকায় নয়া পল্টনে সমাবেশের মধ‌্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করে দলটি।

এবার ৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে নামতে দেওয়া হবে না বলে আওয়ামী লীগ নেতাদের ঘোষণার মধ‌্যে ঢাকা বাদে সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি।

বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আগামীকাল ৫ জানুয়ারি সরকারি দলের সকল হুমকি-ধমকি উপেক্ষা করে ঢাকা ছাড়া সারা দেশে জেলা ও মহানগরগুলোতে কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে। তার প্রস্তুতি নেওয়া হয়েছে সর্বত্র।

“গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আমরা রাজধানীতে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব। তারও প্রস্তুতি চলছে। সমাবেশের স্থানের অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছেও আমরা চিঠি দিয়েছি।”

৭ জানুয়ারি সমাবেশ করতে বিএনপিকে সরকার অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন রিজভী।

৫ জানুয়ারি ঢাকায় কেন কর্মসূচি রাখা হয়নি- সাংবাদিকদের এই প্রশ্নে বিএনপি নেতা বলেন, “এদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদালতের হাজিরা দিতে যাবেন।

“সেজন্য নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে আদালতের সড়ক পথে উপস্থিত থাকেন। সেজন্য আমরা ঢাকায় কোনো কর্মসূচি রাখিনি। ৭ জানুয়ারি সমাবেশটি হবে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষেই।”

দশম সংসদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত বছরের ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন খালেদা।

আওয়ামী লীগ সেবার কর্মসূচি পালন করেছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে। তারা দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে।

ক্ষমতাসীন দলটি এবার তাদের সরকারের আট বছর পূর্তিতে সারাদেশে সমাবেশ ও শোভাযাত্রা করবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীতে রাসেল স্কয়ার ও বঙ্গবন্ধু এভিনিউতে দুটি সমাবেশ করবে তারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, “৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে, আর বাংলার মানুষ বসে থাকবে না। বাংলার জনগণ এটা মেনে নেবে না।”