এলডিপি ছাড়লেন ‘অসন্তুষ্ট’ মামদুদুর
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এ্রলডিপি) কর্মকাণ্ডে ‘অসন্তোষ’ প্রকাশ করে দল ছাড়লেন মামদুদুর রহমান চৌধুরী। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য ছিলেন।
এলপিডি ছাড়লেও নতুন একটি দলে ‘সময়মত’ যোগ দেওয়ার ইংগিত দিয়েছেন মামদুদুর।
বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।
দলত্যাগের কারণ ব্যাখ্যায় মামদুদুর রহমান বলেন, “দেশ আজ প্রচণ্ড আতঙ্কে কালাতিপাত করছে। যেখানে খুন, সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, ধর্ষণ প্রতিদিনের খবরের পাতা দখল করেছে। সেখানে আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি, খাচ্ছি আর নিশ্চিন্তে ফুর্তি করছি।”
“আমরা প্রমাণ করেছি, জনগণের দেওয়া কথা আমরা রাখতে পারি নাই। এমনকি দলের মধ্যে নিজেরাও জাতীয় এসব সমস্যা নিয়ে আলোচনা-সমালোচনা বা সরকারের অগণতান্ত্রিক কাজের গঠনমূলক সমালোচনা আর ভালো কাজের প্রশংসা করতে পারি নাই। এজন্য আমি এলডিপির একজন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিজেকে অত্যন্ত ছোট মনে করছি। তাই আমি দলের গঠনতন্ত্রের ৬ (৪) ধারা অনুযায়ী দলের সদস্যপদ প্রেসিডিয়ামের অবস্থান থেকে পদত্যাগ ঘোষণা করছি।”
এরশাদের আমলে প্রথমে প্রতিমন্ত্রী এবং পরে মন্ত্রীত্ব পান মামদুদুর রহমান। পরে তিনি কিছুদিন বিএনপিতে যোগ দিয়ে নিষ্ক্রিয় ছিলেন।
২০০৭ সালে অলি আহমেদের সঙ্গে মিলে এলডিপি গঠন করেন। এলডিপি বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক।
এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ সকালে সিঙ্গাপুরে থাকায় মামদুদুর রহমানের পদত্যাগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
তবে দলের যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, তার পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামদুদুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন। দলীয় কার্য্ক্রমে তিনি অনুপস্থিত থাকতেন।”
