২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি গঠন: সাত দফা প্রস্তাব ন্যাপের

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 06:19 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

বুধবার বঙ্গভবনে ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “আলোচনায় ন্যাপ প্রতিনিধি দল আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চায়।”

ন্যাপ প্রতিনিধি দল নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনে সাত দফা প্রস্তাব তুলে ধরে। তারা ইসি গঠন সংক্রান্ত আইন ও বিধি প্রণয়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বলে প্রেস সচিব জানান।

অবসরপ্রপ্ত বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে ইসি নিয়োগের সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছে ন‌্যাপ।

এছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের এসঙ্গে করে সভা ও বিতর্ক আয়োজনেরও প্রস্তাব দেয় তারা।

তাদের প্রস্তাবে বলা হয়, স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রশাসনিক ক্ষমতা, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে নিয়োগ, বদলি ও শাস্তি প্রদানের ক্ষমতা দিতে হবে।

প্রেস সচিব বলেন, “আলোচনার সময় রাষ্ট্রপতি আশা করেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও মতামত একটি স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। তিনি তাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য ধন্যবাদ জানান।”