২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে ভিয়েতনাম ছিল শিক্ষক: সেলিম

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভিয়েতনামের অনু্প্রেরণা কথা স্মরণ করেছেন গেরিলা মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 12:14 AM

Updated : 19 Aug 2022, 03:21 PM

“আমাদের গেরিলা যুদ্ধের কায়দা-কানুনের প্রধান শিক্ষক ছিল ভিয়েতনাম,” ছাত্র ইউনিয়নের এক অনুষ্ঠানে বলেছেন তিনি।

‘সাম্রাজ‌্যবাদবিরোধী সংহতি দিবসে’ রোববার ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা অনুষ্ঠান করে ছাত্র সংগঠনটি।

ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ১৯৭৩ সালে ছাত্র ইউনিয়ন ও ডাকসুর যৌথ উদ‌্যোগে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালালে সংগঠনের দুই নেতা মতিউল ইসলাম ও মির্জা কাদের নিহত হন।

সেই থেকে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বাম দল ও সংগঠন দিনটি সাম্রাজ‌্যবাদবিরোধী সংহতি দিবস হিসেবে পালন করে।

সিপিবির বর্তমান সভাপতি সেলিম তখন ডাকসুর ভিপি ছিলেন। একাত্তরে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধে অংশ নেওয়া এই ছাত্রনেতা তখন ছাত্র ইউনিয়নেরও সভাপতি ছিলেন।

সেলিম বলেন, “সাম্রাজ্যবাদ এখনও বিশ্বের একমাত্র শত্রু হিসেবে কাজ করছে। সাম্রাজ্যবাদ এখন একটি বিশ্বব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ থেকে যদি আমাদের মুক্তি না হয়, তাহলে জাতীয় মুক্তি সম্ভব নয়।”

বাঙালিরা বড় বড় মুক্তি অর্জন করলেও তা ধরে রাখতে পারেনি বলে মন্তব‌্য করেন এই বাম নেতা।

অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সফিউদ্দিন আহমেদ বলেন, “সাম্প্রদায়িকতার নগ্নরূপ নিয়েছে সাম্রাজ্যবাদ।

সাম্রাজ্যবাদ তার রণকৌশল বার বার পরিবর্তন করে। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদের নতুন কৌশল হল বাজার দখল করা।“

অধ্যাপক এ এন রাশেদা বলেন, “ভিয়েতনামের সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সাম্রাজ্যবাদের নীতির কোনো পার্থক্য নেই। সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেতে হলে এটি ধ্বংস করতে হবে।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, “সাম্রাজ্যবাদ আমাদের মৌলিক অধিকারগুলোর উপর প্রভাব বিস্তার করছে। বর্তমান সময়ে দেশও এটির কবলে পড়েছে। আমাদের সমাজের প্রতিটি স্তরে পশ্চিমা সংস্কৃতি এখন বিরাজ করছে। আর এ সকল পরিস্থিতি তৈরী হয়েছে সাম্রাজ্যবাদের কারণে।”

অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম বক্তব‌্য রাখেন। সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি স্তম্ভে’ফুল দিয়ে মতিউল ও কাদেরের প্রতি শ্রদ্ধা জানান ছাত্র ইউনিয়ন নেতারা। 

পরে সাম্রাজ্যবাদবিরোধী শোভাযাত্রা বের হয়। সকাল ১০টা থেকে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শনীও চলে।