২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেক কেটে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০১৭ সালের প্রথম প্রহরে ৩৮ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করল জাতীয়তাবাদী ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 01:02 AM

Updated : 19 Aug 2022, 03:21 PM

রাত ১২টা ০১ মিনিটে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তিনতলায় কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে নিয়ে কেক কাটেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময়ে ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুর রশীদ হাবিবসহ বর্তমান ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় এসে বিএনপি গঠন করা জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল নামে ছাত্রসংগঠনটি গড়ে তোলেন।

এবার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

পরদিন ২ জানুয়ারি সকাল ১০টায় শেরে বাংলানগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করবেন ছাত্রদল নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের জেলা, মহানগর, পৌরসভা এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাগুলো র‌্যালি ও আলোচনা সভা করবে বলে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।