২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এখন নালিশ পার্টি: কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে ও নির্বাচনে হেরে বিএনপি এখন নালিশি পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 03:36 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, “তারা এখন সব জায়গায় ব্যর্থ- ব্যর্থ আন্দোলনে, ব্যর্থ নির্বাচনে। সর্বশেষ প্রমাণ নারায়ণগঞ্জ।

“ব্যর্থ লোক শুধু নালিশ করে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি।”

চলতি বছর বাংলাদেশের উন্নয়ন ও অর্জন বিশ্বকে ‘তাক’ লাগিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

“আজকে নির্দ্বিধায় বলতে পারি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ফেলা আসা বছরের উন্নয়ন ও অর্জনের প্রাপ্তি অনেক অনেক বেশি। আজকে গর্ব করে বলছি। বুক উঁচু করে বলছি, বঙ্গবন্ধু তুমি এ দেশ স্বাধীন করে ভুল করোনি।”

নতুন বছরে বাংলাদেশ সাম্প্রদায়িক উগ্রবাদ ও জঙ্গি মোকাবেলার ‘অসম্পূর্ণ কাজ’ শেষ করতে পারবে বলেও আশাপ্রকাশ করেন ওবায়দুল কাদের।

“এখনো শোলাকিয়া ট্রাজেডির কালো ঘা থেকে, হলি আর্টিজানের রক্তাক্ত ট্রাজেডি থেকে বেরিয়ে আসতে পারিনি। বিজয়ের মাসের শেষ দিনে আমাদের শপথ হবে, এই দুটি ট্রাজেডি থেকে বেরিয়ে আসব। জনগণকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উগ্রবাদীদের প্রতিরোধ করে পরাজিত করব।”

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান ও দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী।