২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ ভোটে সন্তোষ আওয়ামী লীগের

জেলা পরিষদের প্রথম নির্বাচন নিয়ে সন্তোষ জানিয়েছে আওয়ামী লীগ, পরোক্ষ ভোটের যে নির্বাচনে মূলত ক্ষমতাসীন দলটিই অংশ নিয়েছে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 04:33 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বুধবার বেলা ২টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেন, “আজকের জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।”

বিএনপি-জাতীয় পার্টিসহ অধিকাংশ দলের বর্জনের মধ‌্যে ২১টি জেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম‌্যান নির্বাচিত হন।

বাকিগুলোতে চেয়ারম‌্যান পদে এবং ৬১ জেলার সব কটিতে সদস‌্য পদে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর মধ‌্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়।  

মাদারীপুরের একটি কেন্দ্রে মারামারি এবং ময়মনসিংহে প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগ এনে দুই সদস্য পদপ্রার্থী বর্জনের ঘটনা ছাড়া সারা দেশে ভোট শেষ হয় শান্তিপূর্ণভাবে।

প্রতিটি জেলা পরিষদে একজন করে চেয়ারম‌্যান এবং ২০ জন করে সদস‌্য নির্বাচনে ভোট দেন সংশ্লিষ্ট জেলার সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থি বলে দাবি করেছে বিএনপি। দলটির মওদুদ আহমদ বলেছেন, এই নির্বাচনের মধ‌্য দিয়ে গণতন্ত্রকে ‘আরও ধ্বংস’ করা হল।  

মওদুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় দীপু মনি বলেন, “বিএনপি কখন কী বলে, তার কোনো ঠিক নেই। তাদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা।

“রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা যদি বিএনপির গণতন্ত্র হয়ে থাকে, তাহলে দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না।”

ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দীপু মনির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

পুরনো খবর:

‘আইয়ুবি গণতন্ত্রের’ ভোট: মওদুদ