‘আইয়ুবি গণতন্ত্রের’ ভোট: মওদুদ
পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে সরকার আইয়ুব খানের ‘বুনিয়াদি গণতন্ত্র’ প্রবর্তন করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
জেলা পরিষদে ভোটের আগের দিন মঙ্গলবার দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান একে আখ্যায়িত করেছেন ‘রসিকতার ভোট’ বলে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে গঠিতব্য জেলা পরিষদের এই নির্বাচন বর্জন করেছে বিএনপি। তাদের যুক্তি, এটা সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার এক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “এখন যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে, এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থি।
“কারণ জেলা পরিষদে যদি নির্বাচন করতেই হয়, তাহলে সকল মানুষকে ভোটাধিকার দিতে হবে। এখন যেটা তারা (সরকার) করছেন, সিলেক্টিভ- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা মিলে।
“মানে আইয়ুব খানের ওই যে বেসিক ডেমো্ক্রেসি, যার একটা খানদানি নাম হল বুনিয়াদি গণতন্ত্র। এখন সেই আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্র এই সরকার আনতে চাচ্ছে।”
এই জেলা পরিষদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে ‘আরও ধ্বংস’ করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
জেলা পরিষদ নির্বাচন সরাসরি ভোটে দেওয়ার আইন না করার ক্ষেত্রে সরকারের ভয় কাজ করছে বলে মনে করেন তিনি।
“নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে এভাবে জেতার পরে আবার ইনডাইরেক্ট লাগে নাকি জিততে? তারা তো সরাসরি নির্বাচন দিয়ে দিলে পারতেন। তাহলে বুঝতেন, তাদের কতটুকু সমর্থন আছে, না আছে।”
পার্বত্য তিনটি জেলা বাদে ৬১টি জেলায় ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যানরা জেলা ও উপজেলা সদরে স্থাপিত কেন্দ্রে এই ভোট দেবেন।
তবে এরই মধ্যে ২১ জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে চেয়ারম্যান পদে না হলেও সদস্য পদে সেখানে নির্বাচন হবে।
জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের এই প্রস্তুতি শেরপুরে
মওদুদ বলেন, “এখানে নির্বাচন হচ্ছে না, আপনারা সবাই জানেন। এটা একদলীয় একটা নির্বাচন। তারা নিজেদের মধ্যে নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচন একটি তামাশা ছাড়া আর কিছু নয়।”
সংবিধানের ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “আমাদের সংবিধানের আর্টিক্যাল ৫৯ ও ৬০ তে আছে, বাংলাদেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচিত, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হতে হবে।
“তারা (আওয়ামী লীগ) যখন একদলীয় শাসন (১৯৭৪ সালে বাকশাল গঠন) করলেন, তখন এই দুটি আর্টিক্যাল ডিলিট করে দিলেন, যাতে নিজেরাই ইউনিয়ন পরিষদ, পৌরসভায় সব নির্বাচন করতে পারেন।”
“এই আর্টিক্যালগুলো আমরা চতুর্থ সংশোধনীতে সংযুক্ত করে দিয়েছিলাম। এটাকে আরও উন্নত গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চা করার জন্য নেত্রী সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করলেন দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। সেই সংশোধনীতে আর্টিকেল ৫৯ ও ৬০ আবার রেস্ট্রোড করলাম।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে মওদুদ বলেন, “এই নির্বাচনের ফলাফলে সরকার খুব খুশি। তারা বলতে চায় যে, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এতে প্রমাণ হয়েছে যে, তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে।
“ভালো কথা, তাহলে এখনি নির্বাচনটা দিয়ে দেন। সুষ্ঠু নির্বাচন হয়ে যাক। তাহলে বোঝা যাবে, এই যে জনপ্রিয়তার কথা বলছেন, সত্যিকার অর্থে জাতীয় পর্যায়ে সেটার প্রতিফলন ঘটবে কি না।”
‘চেতনায় বাংলাদেশী জাতীয়তাবাদ’ নামে সংগঠনের উদ্যোগে ‘মেজর জিয়া ও বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভায় মওদুদ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব শাহ আবদুল্লাহ আল বাকী, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক আলী নুর, ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ।
